ফটিকছড়িতে প্রতারণা মামলায় কাদেরীয়া দরবারের পীর গ্রেপ্তার

আপডেট : ১৯ আগস্ট ২০২৬, ০৫:৫৫ পিএম

চট্টগ্রামের ফটিকছড়িতে প্রতারণা, জালিয়াতি ও ভুয়া কাগজপত্র ব্যবহারের অভিযোগে করা মামলায় কাদেরীয়া দরবারের কথিত পীর সাহেদ মোহাম্মদ আরমানকে গ্রেপ্তার করেছে পুলিশ। একই মামলায় তার বোন সাহেদা আকতার রুমিকেও গ্রেপ্তার করা হয়েছে।

মঙ্গলবার (১৮ আগস্ট) দিবাগত রাতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। আজ বুধবার (১৯ আগস্ট) সকালে তাদের কারাগারে পাঠানো হয়েছে।

ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল আলম খান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে মামলায় গ্রেপ্তারি পরোয়ানা ছিল। পরোয়ানার ভিত্তিতে তাদের গ্রেপ্তার করা হয়েছে।

মামলার নথি ও সিআইডির অনুসন্ধান প্রতিবেদন সূত্রে জানা যায়, প্রতারণা, জালিয়াতি, ভুয়া কাগজপত্র ব্যবহার, প্রতারণার মাধ্যমে সম্পদ অর্জন, অপরাধমূলক ষড়যন্ত্র ও ভয়ভীতি দেখানোর অভিযোগে সাহেদ মোহাম্মদ আরমানসহ চারজনের বিরুদ্ধে মামলা করা হয়। চট্টগ্রামের আদালতের নির্দেশে মামলাটি অনুসন্ধান করে সিআইডি, চট্টগ্রাম মেট্রো ও জেলা কার্যালয়। 

মামলার ঘটনাস্থল হিসেবে ফটিকছড়ি থানার নাজিরহাট পৌরসভা কার্যালয় ও নাজিরহাট বাজারের পূবালী ব্যাংকের কথা উল্লেখ করা হয়েছে। সিআইডির অনুসন্ধান প্রতিবেদনে মৌলানা আবদুল হালিমের নামে ভুয়া ওয়ারিশ সনদ তৈরির অভিযোগও উঠে এসেছে।

মামলার বাদী মো. রাশেদ পূর্ব ফরহাদাবাদ এলাকার বাসিন্দা। তিনি বলেন, প্রতারণা, জালিয়াতি ও ভুয়া কাগজপত্র ব্যবহারের মাধ্যমে তাদের সঙ্গে অন্যায় করা হয়েছে। এ কারণে তিনি আইনের আশ্রয় নিয়েছেন। তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচার প্রত্যাশা করেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত