দেবাশীষ দত্তসহ পরিবারের চারজনের মৃত্যুতে আজকের পত্রিকার শোক

কলকাতায় আবাসিক হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে দৈনিক আজকের পত্রিকার কুষ্টিয়া প্রতিনিধি দেবাশীষ দত্ত, তাঁর স্ত্রী, তিন বছরের ছেলে ও শ্বশুরসহ একই পরিবারের চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় গভীর শোক ও সমবেদনা জানিয়েছে আজকের পত্রিকা পরিবার।

বুধবার ভোরের দিকে কলকাতার একটি আবাসিক হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে নিহত নয়জনের মধ্যে এখন পর্যন্ত ছয়জনের পরিচয় নিশ্চিত করা হয়েছে। তাঁদের মধ্যে পাঁচজনই বাংলাদেশি।

নিহত বাংলাদেশিদের মধ্যে রয়েছেন দৈনিক আজকের পত্রিকার কুষ্টিয়া প্রতিনিধি দেবাশীষ দত্ত (৩৯), তাঁর স্ত্রী আফসানা শারমীন (২৭), তাঁদের তিন বছরের ছেলে স্বর্ণশীষ দত্ত এবং দেবাশীষের শ্বশুর মো. আকরাম আলী (৬৪)।

দেবাশীষ দত্তের পরিবারের সদস্যরা নিহতদের পরিচয় নিশ্চিত করেছেন।

সপরিবারে দেবাশীষ দত্তের এই মর্মান্তিক মৃত্যুতে এক বিবৃতিতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন আজকের পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক কামরুল হাসান এবং আজকের পত্রিকা পরিবার।

বিবৃতিতে নিহতদের শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানানো হয় এবং তাঁদের বিদেহী আত্মার শান্তি কামনা করা হয়।