ইউসিটিসিতে ডিবেট ওয়ার্কশপ অনুষ্ঠিত

শিক্ষার্থীদের বিতর্কচর্চা, যোগাযোগ দক্ষতা ও যুক্তিনির্ভর চিন্তাশক্তি বিকাশের লক্ষ্যে ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজি চট্টগ্রাম (ইউসিটিসি)-এ 'ডিবেট ওয়ার্কশপ-২০২৬ইং' অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৯ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের IQAC ও ইসলামিক স্টাডিজ বিভাগের  উদ্যোগে এ কর্মশালার আয়োজন করা হয়। 

ইসলামিক স্টাডিজ বিভাগের কো-অর্ডিনেটর মো. ওবায়দুল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ইংরেজি ভাষা ও সাহিত্য বিভাগের বিভাগীয় প্রধান এবং IQAC-এর ডিরেক্টর তাহির হোসাইন সেলিম। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ব্যবসায় প্রশাসন বিভাগের বিভাগীয় প্রধান ড: আবু জাহেদ, এসিস্ট্যান্ট রেজিস্ট্রার এস.এম শহীদুল ইসলাম, ক্যাম্পাস কো-অর্ডিনেটর মো. গিয়াস উদ্দীন এবং বিশ্ববিদ্যালয়ের অন্যান্য শিক্ষক ও কর্মকর্তারা। বক্তারা বলেন, "একজন শিক্ষার্থীর একাডেমিক জ্ঞানের পাশাপাশি যুক্তিনির্ভর চিন্তা, কার্যকর যোগাযোগ এবং আত্মবিশ্বাসের সঙ্গে নিজের মতামত প্রকাশের সক্ষমতা থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ ধরনের কর্মশালা শিক্ষার্থীদের নেতৃত্বগুণ ও যোগাযোগ দক্ষতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।"  

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ডিবেটিং ক্লাবের ডিবেট উইং এর কো-কনভেনার ফোরকান উদ্দিন কর্মশালায় রিসোর্স পার্সন হিসেবে সেশন পরিচালনা করেন। তিনি বিতর্কের মৌলিক বিষয়, যুক্তি উপস্থাপনের কৌশল, কার্যকর যোগাযোগ, বক্তব্য প্রদানের দক্ষতা এবং বিতর্কের মাধ্যমে আত্মবিশ্বাস বৃদ্ধির বিভিন্ন দিক নিয়ে শিক্ষার্থীদের দিকনির্দেশনা দেন। 

বিশ্ববিদ্যালয়ের সেমিনার রুমে অনুষ্ঠিত এই কর্মশালায় বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। কর্মশালা শেষে সম্মানিত রিসোর্স পার্সনকে তার মূল্যবান সময় ও দিকনির্দেশনার জন্য ক্রেস্ট প্রদান করা হয়।