গজারিয়ায় অটো ছিনতাইয়ের সময় ভুয়া ডিবি সদস্য আটক

মুন্সীগঞ্জের গজারিয়ায় ডিবি পুলিশ পরিচয়ে ব্যাটারিচালিত অটোরিকশা ছিনতাইয়ের সময় দুই ভুয়া ডিবি সদস্যকে ওয়াকিটকি ও হ্যান্ডকাফসহ আটক করেছে পুলিশ। স্থানীয় জনতার সহযোগিতায় বুধবার (১৯ আগস্ট) বিকেল ৪টার দিকে উপজেলার বাউশিয়া ইউনিয়নের চর বাউশিয়া এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটক দুজন নারায়ণগঞ্জ এলাকার বাসিন্দা বলে জানা গেছে। তবে তদন্তের স্বার্থে তাদের পরিচয় এখনই প্রকাশ করা যাচ্ছে না বলে জানিয়েছে পুলিশ।

প্রত্যক্ষদর্শী সাকিব নামে এক অটোরিকশাচালক বলেন, বুধবার বেলা ৩টার দিকে দড়ি বাউশিয়া বাসস্ট্যান্ড এলাকায় দুই ব্যক্তি নিজেদের ডিবি পুলিশ পরিচয় দিয়ে তাঁর বন্ধু অটোরিকশাচালক দীল ইসলামের কাছে জানতে চান, তারা পুলিশের ডিউটি করেন কি না। জবাবে তিনি জানান, কমিউনিটি পুলিশের প্রয়োজনে তারা ডিউটি করে থাকেন।

এরপর ওই দুই ব্যক্তি অটোরিকশায় উঠে তাদের নির্দিষ্ট গন্তব্যে যেতে বলেন। বিষয়টি সন্দেহজনক মনে হলে অটোরিকশাচালকরা তাদের ওপর নজর রাখেন। তারা প্রথমে ভবেরচর বাসস্ট্যান্ডের দিকে যায়। পরে মানাবে ইউটার্ন ঘুরে চর বাউশিয়ার দিকে যেতে শুরু করলে পুলিশকে খবর দেওয়া হয়। পরে তাদের পিছু নিয়ে কলার আড়ৎ অতিক্রম করার পর পুলিশ তাদের আটক করে।

এ বিষয়ে গজারিয়া থানার উপপরিদর্শক (এসআই) মো. কামরুজ্জামান বলেন, খবর পাওয়ার পর থেকেই পুলিশ তৎপর ছিল। আটক দুজনের কাছ থেকে ওয়াকিটকি ও হ্যান্ডকাফ জব্দ করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত কয়েক দিনে অভিনব কায়দায় ৫-৬টি অটোরিকশা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। নিজেদের ডিবি পুলিশের সদস্য পরিচয় দিয়ে মাদকবিরোধী অভিযানের কথা বলে দুই যুবক অটোরিকশাচালকদের বোকা বানিয়ে তাদের অটোরিকশা নিয়ে পালিয়ে যায়।

এর মধ্যে গত শুক্রবার বিকেলে বালুয়াকান্দী ইউনিয়ন হাইস্কুলের সামনে থেকে অটোরিকশাচালক শাহাদাতের অটোরিকশা ছিনতাই করা হয়। শনিবার উপজেলার বালুয়াকান্দী ইউনিয়নের শরীফ হোসেনের ছেলে সাকিবের অটোরিকশা, রোববার ভবেরচর ইউনিয়নের নয়াকান্দী গ্রামের রিফাত নামে এক যুবকের অটোরিকশা এবং সোমবার বাউশিয়া ইউনিয়নের পুরান বাউশিয়া গ্রাম থেকে বিল্লাল নামের এক যুবকের অটোরিকশা ছিনতাই করা হয়। একই দিনে চর বাউশিয়া থেকেও আরও একটি অটোরিকশা ছিনতাইয়ের ঘটনা ঘটে। মঙ্গলবার উপজেলার ভবেরচর হাসপাতালের সামনে থেকে ওমর ফারুকের অটোরিকশা ছিনতাই করা হয়।

এ বিষয়ে গজারিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) নকীব আকরাম হোসেন বলেন, প্রতিটি ঘটনায় স্থান ভিন্ন হলেও ছিনতাইয়ের কৌশল হুবহু এক। তাই চক্রটিকে আটক করতে পুলিশ বিভিন্নভাবে সাদা পোশাকে অভিযান চালাচ্ছিল। ইতিমধ্যে ছিনতাই হওয়া অটোরিকশাগুলো উদ্ধারে অভিযান শুরু হয়েছে। আশা করা হচ্ছে, চক্রের আরও সদস্যকে আটক করা সম্ভব হবে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।