স্পিডবোট বন্ধ

ঘাটে অপেক্ষারত মুক্তিযোদ্ধার বিনা চিকিৎসায় মৃত্যু

চাঁদাবাজির প্রতিবাদে চট্টগ্রামের সন্দ্বীপের গুপ্তছড়া-কুমিরা নৌরুটে স্পিডবোট চলাচল বন্ধ থাকায় চিকিৎসা নিতে চট্টগ্রামে যেতে না পারা বীর মুক্তিযোদ্ধা সিরাজ উদ্দিনের ঘাটেই মৃত্যু হয়েছে বলে জানিয়েছে প্রশাসক। বুধবার (১৯ আগস্ট) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার গুপ্তছড়া ঘাটে এ ঘটনা ঘটে।

মৃত সিরাজ উদ্দিন (৭০) সন্দ্বীপ উপজেলার গাছুয়া ইউনিয়নের বাসিন্দা।

সিরাজ উদ্দিনের ভাতিজা রেজাউল করিম বলেন, লিভারজনিত অসুস্থতায় কারণে মঙ্গলবার রাতে চাচাকে স্থানীয় গাছুয়া স্বাস্থ্য প্রকল্পে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে বুধবার সকালে উন্নত চিকিৎসার জন্য তাকে চট্টগ্রামে নেওয়ার পরামর্শ দেন চিকিৎসকেরা। পরিবারের সদস্যরা তাকে নিয়ে সকাল ৯টার দিকে গুপ্তছড়া ঘাটে পৌঁছান। কিন্তু চাঁদাবাজির প্রতিবাদ ও ঘাটকর্মীদের নিরাপত্তার দাবিতে স্পিডবোট চলাচল বন্ধ থাকায় তারা চট্টগ্রামে যাওয়ার কোনো দ্রুতগতির নৌযান পাননি। নৌযানের অপেক্ষায় থাকতে থাকতে সাড়ে ১১টার দিকে চাচার মৃত্যু হয়।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) উপপরিচালক নয়ন শীল বলেন, এটি তাদের ব্যবসায়িক দ্বন্দ্ব। আমি বোট চালু না করলে লাইসেন্স বাতিল করে দেব বলে জানিয়েছি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আমজাদ হোসেন বলেন, চিকিৎসার সুযোগ না পেয়ে মৃত্যুর ঘটনা কোনোভাবেই কাম্য নয়। বোট চলাচলের বিষয়ে আমি পদক্ষেপ নিয়েছি। আশা করি দ্রুত চালু হবে।

স্পিডবোটসহ দ্রুতগতির নৌযান বন্ধ থাকায় জরুরি চিকিৎসা নিতে না পেরে বীর মুক্তিযোদ্ধা সিরাজ উদ্দিনের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে সন্দ্বীপের বিভিন্ন মহলে ক্ষোভ ও অসন্তোষ দেখা দেয়। স্থানীয়রা চাঁদাবাজি বন্ধ, ঘাটকর্মীদের নিরাপত্তা নিশ্চিত এবং জরুরি রোগীদের জন্য নির্বিঘ্নে পারাপারের ব্যবস্থা করার দাবি জানিয়েছেন।