যোগ্যতা অনুযায়ী সবার জন্য চাকরির ব্যবস্থা করা হবে: আলমগীর হোসেন

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কেন্দ্রীয় কমিটির সদস্য ও পিরোজপুর জেলা পরিষদের প্রশাসক আলমগীর হোসেন বলেছেন, “আমাদের ওয়াদার অংশ হিসেবে যোগ্যতা অনুযায়ী সবার জন্য চাকরির ব্যবস্থা করা হবে।”

বুধবার (১৯ আগস্ট) বিকেলে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পিরোজপুরে আয়োজিত র‍্যালি পরবর্তী আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

আলমগীর হোসেন বলেন, "শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের উদ্যোগে পিরোজপুরে স্বেচ্ছাসেবক দল গঠিত হয়েছিল। যারা জিয়াউর রহমানের খাল কাটা কর্মসূচিতে অংশ নিয়েছিলেন, তাদের একটি বড় অংশ পরবর্তী সময়ে স্বেচ্ছাসেবক দলের সঙ্গে সম্পৃক্ত হন। বর্তমানে বাংলাদেশের যুবসমাজের একটি বিশাল অংশ স্বেচ্ছাসেবক দলের সঙ্গে সম্পৃক্ত রয়েছে। তাদের জন্য একটি গণতান্ত্রিক সরকার অপার সম্ভাবনার দ্বার খুলে দেবে।"

এর আগে বিকেল ৪ টায় শহরের সিও অফিস এলাকা থেকে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে একটি র‍্যালি বের করা হয়। র‍্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শহিদ মিনারে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সমাবেশে বিশেষ অতিথি বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য সচিব সাইদুল ইসলাম কিসমত। 

পিরোজপুর জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মনিরুজ্জামান মনিরের সভাপতিত্বে এবং সদস্য সচিব তৌহিদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাদিম শেখ, যুগ্ম আহ্বায়ক আসাদুজ্জামান লিটু, আক্তারুজ্জামান সুমন, আল আমিন মুন্সি, তরিকুল রনি, ফাহিম মুনতাসির, সজল সিকদার ও সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রিয়াজ মাতুব্বরসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

সমাবেশে বক্তারা স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীদের দেশবিরোধী শক্তির মোকাবিলায় ঐক্যবদ্ধ থাকার পাশাপাশি প্রধানমন্ত্রী তারেক রহমানের জনকল্যাণমুখী কার্যক্রম বাস্তবায়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।