ভোলায় স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বড় জমায়েত

বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ভোলায় বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৯ আগস্ট) জেলা স্বেচ্ছাসেবক দলের আয়োজনে শহরে এ কর্মসূচি পালিত হয়। এতে জেলা ও বিভিন্ন উপজেলা থেকে বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন।

র‍্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব গোলাম নবী আলমগীর।

জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মিজানুর রহমান মাসুদের সভাপতিত্বে এবং সদস্য সচিব মুনতাসীর আলম চৌধুরী রবিনের সঞ্চালনায় সভায় জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হারুন অর রশীদ ট্রুম্যান, হুমায়ুন কবির সোপান, কবির হোসেন, সদর উপজেলা বিএনপির সদস্য সচিব হেলাল উদ্দিন, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক লিয়াকত আলীসহ নেতারা বক্তব্য দেন।

এ সময় জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইয়াকুব শাহ জুয়েল, যুগ্ম আহ্বায়ক জাকির হোসেন মনির, ওমর ফারুক, লুকু চৌধুরী, আশ্রাফুল আলম ফিরোজ, হারুন অর রশীদ সুমন ও কামাল মোল্লা উপস্থিত ছিলেন। এছাড়া জেলা যুবদল, সদর উপজেলা যুবদল ও জেলা সাইবার দলের নেতারাও কর্মসূচিতে অংশ নেন।

বক্তারা বলেন, স্বেচ্ছাসেবক দল প্রতিষ্ঠার পর থেকেই মানুষের পাশে দাঁড়ানো এবং গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। সংগঠনের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে ভবিষ্যতের আন্দোলন-সংগ্রামে আরও সক্রিয় হওয়ার আহ্বান জানান তারা।
প্রতিষ্ঠাবার্ষিকীর এ কর্মসূচিকে ঘিরে ভোলায় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।