পরিবেশ ছাড়পত্র ছাড়াই চলছিল সেই জাহাজ কাটা, ৫ লাখ টাকা জরিমানা

পরিবেশগত ছাড়পত্র নবায়ন না করে জাহাজ কাটার অপরাধে সীতাকুণ্ডের সেই ‘ফেরদৌস স্টিল শিপ রিসাইক্লিং ইন্ডাস্ট্রি’কে ৫ লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর। একই সঙ্গে ছাড়পত্র নবায়ন না করা পর্যন্ত সংশ্লিষ্ট স্ক্র্যাপ জাহাজে সব ধরনের কার্যক্রম স্থগিত রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
 
বুধবার (১৯ আগস্ট) পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম কার্যালয়ে শুনানি শেষে এ আদেশ দেন অধিদপ্তরের পরিচালক জমির উদ্দিন।
 
অধিদপ্তর সূত্রে জানা যায়, সীতাকুণ্ডের ভাটিয়ারি এলাকায় অবস্থিত ফেরদৌস স্টিল শিপ ব্রেকিং ইয়ার্ডে 'এমটি রাসি' নামের একটি স্ক্র্যাপ জাহাজ কাটার কার্যক্রম চলছিল। ইয়ার্ডটির পরিবেশগত ছাড়পত্রের মেয়াদ গত ১২ আগস্ট শেষ হয়। কিন্তু ছাড়পত্র নবায়ন না করেই কার্যক্রম অব্যাহত রাখা হয়।
 
এর আগে গত ১৪ আগস্ট ওই ইয়ার্ডে এমটি রাসি জাহাজটি কাটার সময় বিষাক্ত গ্যাস নির্গত হয়ে ৯ জন শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়। ঘটনার পর পরিবেশ অধিদপ্তরের একটি দল স্থানটি পরিদর্শন করে এবং নথিপত্র পর্যালোচনা করে দেখতে পায়, ছাড়পত্র ছাড়াই ইয়ার্ডে কাজ চলছিল।
 
পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম কার্যালয়ের পরিচালক জমির উদ্দিন বলেন, পরিবেশগত ছাড়পত্র ছাড়া জাহাজ কাটা বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ (সংশোধিত ২০১০) এর ৭ ধারা অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধ। পরিবেশ ও প্রতিবেশের ক্ষতি সাধন করায় প্রতিষ্ঠানটিকে ৫ লাখ টাকা জরিমানা করা হয়েছে। নতুন করে ছাড়পত্র না নেওয়া পর্যন্ত ওই ইয়ার্ডে জাহাজ কাটার যাবতীয় কাজ বন্ধ রাখতে বলা হয়েছে।