বিদ্যুৎ সাশ্রয়ে সরকারি নির্দেশনা অমান্য করে রাত আটটার পর দোকান খোলা রাখায় কুমিল্লার মুরাদনগরে ৯ দোকানিকে সতর্কতামূলক ৯ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (১৯ আগস্ট) দিবাগত রাত সাড়ে ৮টা থেকে রাত সাড়ে ১০টা পর্যন্ত মুরাদনগর সদর বাজারে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও ভারপ্রাপ্ত ইউএনও সাকিব হাছান খাঁন। এ সময় ভ্রাম্যমাণ আদালতের সঙ্গে ছিলেন মুরাদনগর থানা-পুলিশের একটি দল ও আনসার দলের সদস্যরা।
ভারপ্রাপ্ত ইউএনও সাকিব হাছান খাঁন বলেন, সরকারি নির্দেশনা মোতাবেক বিদ্যুৎ সাশ্রয়ের জন্য রাত আটটার পর দোকান, শপিং মলসহ বিভিন্ন ধরনের ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ রাখতে প্রচারণা চালানো হয়েছে। তারপরও ব্যবসায়ীরা দোকান বন্ধ না করায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ৯ দোকানিকে ১ হাজার টাকা করে মোট ৯ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।