এমএসএমই নিবন্ধন শুরু

এসএমই উদ্যোক্তাদের বার্ষিক টার্নওভারের ওপর করমুক্তি ও ব্যবসায়িক লক্ষ্যে বিদেশে অর্থ পাঠানোর সুবিধা পেতে এসএমই ফাউন্ডেশনের উদ্যোগে শুরু হয়েছে এমএসএমই (মাইক্রো, ক্ষুদ্র ও মাঝারি শিল্প) প্রতিষ্ঠানের নিবন্ধন। গতকাল বুধবার সংস্থার পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে, আগ্রহী উদ্যোক্তারা অনলাইনে আবেদন করতে পারবেন। 

এসএমই ফাউন্ডেশন জানিয়েছে, আয়কর আইন ২০২৩ অনুযায়ী ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তারা ৫০ লাখ টাকা পর্যন্ত এবং নারী ও প্রতিবন্ধী উদ্যোক্তারা জন্য ৭০ লাখ টাকা পর্যন্ত টার্নওভারের আয়ের ওপর করমুক্ত সুবিধা পাবেন। এছাড়া বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী, এসএমই উদ্যোক্তারা বছরে সর্বোচ্চ ৩০০০ মার্কিন ডলার পর্যন্ত বৈদেশিক ব্যবসায়িক খরচের জন্য অর্থ পাঠাতে ব্যাংক ট্রান্সফার অথবা বিশেষ এসএমই কার্ডের মাধ্যমে এই সুবিধা গ্রহণ করতে পারবেন। তবে তাদের এসএমই ফাউন্ডেশনের অধীনে নিবন্ধিত হতে হবে।

পরবর্তী সময়ে সরকারের অন্যান্য কর সুবিধা ও নীতি সহায়তা পেতেও এই নিবন্ধন সনদের প্রয়োজন হবে। এছাড়া এই নিবন্ধন সনদ ছাড়া এসএমই ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত জাতীয় ও আঞ্চলিক এসএমই পণ্য মেলা, সহজ শর্তে ঋণ ও প্রস্তুতিতে সহায়তা, ব্যবসায় ব্যবস্থাপনা ও দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ, কর্মশালা, সেমিনার, জাতীয় এসএমই উদ্যোক্তা পুরস্কার, আন্তর্জাতিক মেলা, পণ্য রপ্তানিতে প্রশিক্ষণ ও সহায়তা এবং বায়ার-সেলার মার্কেটিংসহ কোনো কার্যক্রমে অংশগ্রহণ করা যাবে না।

গত ১৮ আগস্ট এসএমই ফাউন্ডেশনের সম্মেলনকক্ষে এমএসএমই নিবন্ধন কার্যক্রমের উদ্বোধন করেন এসএমই ফাউন্ডেশনের পরিচালক পর্ষদ সদস্য সামিম আহমেদ। এসএমই ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক আনোয়ার হোসেন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপব্যবস্থাপনা পরিচালক মো. নাজিম হাসান সাত্তার, মহাব্যবস্থাপক মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন এবং মো. আব্দুস

সালাম সরদার।

অনুষ্ঠানে জানানো হয়, এমএসএমই নিবন্ধন সম্পূর্ণ অনলাইনে করা যাবে। এজন্য এসএমই ফাউন্ডেশনের ওয়েবসাইট বা ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া লিংকে লগইন করে বা কিউআর কোডে সহজেই এমএসএমই প্রতিষ্ঠানের নিবন্ধন করা যাবে। প্রথমে নিজের মোবাইল নম্বর দিয়ে নিবন্ধনের কাজ শুরু করতে হবে। এরপর প্রয়োজনীয় কিছু কাগজপত্র ও তথ্য, যেমন জাতীয় পরিচয়পত্র, ট্রেড লাইসেন্স, ব্যবসার তথ্য, প্রতিষ্ঠানের ঠিকানা, পণ্য বা সেবা, কর্মী সংখ্যা, বার্ষিক টার্নওভারসহ অন্যান্য তথ্য প্রদান শেষে ১০০০ টাকা নিবন্ধন ফি পরিশোধ করে সাবমিট বাটনে ক্লিক করতে হবে। সব তথ্য যাচাই-বাছাই শেষে অনলাইনেই নিবন্ধন সনদ সংগ্রহ করা যাবে।