ভবিষ্যতের জন্য সুযোগ দেখছেন সাইফউদ্দিন

ডারউইনে অস্ট্রেলিয়াকে হারানোর পর বাংলাদেশের ক্রিকেটে আত্মবিশ্বাসের নতুন সুর। জাতীয় দলের এই সাফল্যের প্রভাব পড়েছে বাইরে থাকা ক্রিকেটারদের মধ্যেও। পেস বোলিং অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিন মনে করেন, অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট জয় ভবিষ্যতে বড় দলগুলোর বিপক্ষে আরও বেশি খেলার দরজা খুলে দিতে পারে বাংলাদেশের জন্য।

সাইফউদ্দিন বাংলাদেশ দলের সাদা বলের দুই সংস্করণের ক্রিকেটার। তবে খেলা না থাকায় মিরপুরে অনুশীলন করছেন তিনি গতকাল সেখানে এক ফাঁকে সংবাদ মাধ্যমের সঙ্গে আলোচনায় বলেন, ‘সত্যিই অসাধারণ একটা মুহূর্ত। গত দুই-তিন দিন আন্তর্জাতিক মিডিয়া থেকে শুরু করে সব জায়গায় প্রশংসা হচ্ছে। বিশেষ করে ইংলিশ ক্রিকেটাররাও আমাদের ক্রিকেটারদের যথেষ্ট প্রশংসা করেছেন। এটা সত্যিই অনেক গর্বের বিষয়। এর আগেও আমরা অনেক ম্যাচ জিতেছি, কিন্তু এই টেস্ট জয়টা আমাদের জন্য স্পেশাল।’

অস্ট্রেলিয়ার মাটিতে ২৩ বছর পর টেস্ট খেলতে নেমেই ৯ উইকেটের জয় পেয়েছে বাংলাদেশ। চার দিনের আগেই ম্যাচ শেষ করে দুই ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে যাওয়ায় এখন সিরিজ জয়ের সম্ভাবনাও তৈরি হয়েছে। তবে দ্বিতীয় টেস্টে কঠিন চ্যালেঞ্জের জন্য প্রস্তুত থাকতে হবে বলে মনে করছেন সাইফউদ্দিন। পাশপাশি ডারউইনের জয়কে কোনো একক ক্রিকেটারের সাফল্য হিসেবে দেখছেন না এই অলরাউন্ডার। তার চোখে, ব্যাটিং-বোলিং-ফিল্ডিং-তিন বিভাগে সম্মিলিত প্রচেষ্টাই বড় জয় পেয়েছে বাংলাদেশ দল।

এনিয়ে সাইফউদ্দিন বলেন, ‘প্রত্যেকটা বিভাগে সবাই সবার জায়গা থেকে সেরাটা দিয়েছে। যার কারণে অস্ট্রেলিয়ার মতো বড় দলের সঙ্গে জয়টা এত সহজ হয়েছে, তাও আবার চার দিনের মাথায়। আমি নির্দিষ্ট কারও নাম বলতে চাই না, সবাই অসাধারণ খেলেছে। যখন যে সুযোগ পেয়েছে, দলের যেটা প্রয়োজন ছিল সবাই সেটা দিয়েছে। এজন্য কৃতিত্বটা যারা খেলছে সবার।’

অস্ট্রেলিয়ার বিপক্ষে পাওয়া সাফল্যকে কাজে লাগিয়ে ভবিষ্যতে আরও বেশি আন্তর্জাতিক ম্যাচ খেলার সুযোগ চান সাইফউদ্দিন। বিশেষ করে অস্ট্রেলিয়ার মতো কঠিন কন্ডিশনে নিয়মিত খেলতে পারলে বাংলাদেশের ক্রিকেটের ভিত আরও শক্ত হবে বলে দাবি তার, ‘যেহেতু আমরা ঘরের মাঠে অস্ট্রেলিয়াকে ওয়ানডেতে হারিয়েছি এবং ওদের মাটিতে টেস্টে হারিয়েছি, সামনে হয়তো আমাদের আরও ভালোভাবে ওরা আমন্ত্রণ জানাবে। আমরা বাংলাদেশের আরও বেশি ম্যাচ যদি ওদের মাটিতে খেলতে পারি, সেটা আমাদের দেশের ক্রিকেটের জন্য ভালো। যারা এই মঞ্চ তৈরি করে দিচ্ছে, তাদের ধন্যবাদ, যাতে পরবর্তী প্রজন্ম অস্ট্রেলিয়ার মাটিতে খেলার আরও বেশি সুযোগ পায়।’ বাংলাদেশের ক্রিকেটারদের জন্য ইংল্যান্ডের কন্ডিশনেও বেশি ম্যাচ খেলার অভিজ্ঞতা জরুরি বলে মনে করেন তিনি, ‘প্রত্যেকটা খেলোয়াড়ের স্বপ্ন থাকে ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার কন্ডিশনে খেলার। আমরা প্রত্যাশা করি এসব ভেন্যুতে এবং এসব দেশে আরও বেশি খেলার।’