সুথারের ঘূর্ণিতে শ্রীলঙ্কাকে হারাল ভারত

বৃষ্টির চোখ রাঙানি এড়িয়ে গল টেস্টের পঞ্চম দিনে এক অসাধারণ জয় তুলে নিয়েছে ভারত। বাঁহাতি স্পিনার মানব সুথারের দুর্দান্ত বোলিংয়ে স্বাগতিক শ্রীলঙ্কাকে ১৬৫ রানে হারিয়ে দুই ম্যাচ টেস্ট সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল শুবমান গিলের দল। এই জয়ের মাধ্যমে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের দৌড়ে নিজেদের অবস্থান (পঞ্চম) পুনরুদ্ধার করল শুবমান গিলরা।

পঞ্চম দিনের খেলা শুরুর আগে বৃষ্টিতে ম্যাচ ধুয়ে যাওয়ার প্রবল সম্ভাবনা ছিল। টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকায় পঞ্চম স্থানে থাকা ভারতের জন্য পয়েন্ট ভাগাভাগি করা ছিল বড় ধাক্কার বিষয়। তবে ভাগ্য ভারতের সহায় হয় এবং সময়মতো খেলা শুরু করা যায়। ৪ উইকেটে ৮৪ রান নিয়ে ৩৭২ রান তাড়া করতে নামা শ্রীলঙ্কাকে ২০৬ রানেই গুটিয়ে দেন ভারতের বোলাররা।

সকালের সেশনে লঙ্কান অধিনায়ক ধনঞ্জয় ডি সিলভা ও তরুণ অলরাউন্ডার সোনাল দিনুশা ৯৫ রানের জুটি গড়ে ভারতীয় বোলারদের বেশ হতাশ করেন। কোনো সুবিধা করতে না পেরে ভারতের প্রধান কোচ গৌতম গম্ভীর বাউন্ডারি লাইন থেকে রবীন্দ্র জাদেজাকে ডেকে এনে বোলিং অ্যান্ড অ্যাঙ্গেল পরিবর্তনের পরামর্শ দেন। এই ট্যাকটিক্যাল চালটি দ্রুত কাজ করে। জাদেজার স্টাম্প-টু-স্টাম্প আক্রমণে বিভ্রান্ত হয়ে সুইপ করতে গিয়ে উইকেটের পেছনে ক্যাচ দেন ধনঞ্জয়। এরপর ক্রিজে আসা নিরোশান ডিকভেলাকে মানসিক ফাঁদে ফেলেন স্কয়ার লেগে থাকা যশস্বী জয়সওয়াল। বাউন্সার বলগুলোতে হুক শট খেলার জন্য জয়সওয়ালের অনবরত উসকানি ও সেøজিংয়ে নিয়ন্ত্রণ হারিয়ে বসেন ডিকভেলা। প্রসিদ্ধ কৃষ্ণার শর্ট বলে শট খেলতে গিয়ে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন তিনি।

লাঞ্চের পর ভারতের মূল বাধা হয়ে দাঁড়ান দিনুশা। টার্নিং ট্র্যাকে অনবদ্য ব্যাটিং করে ১২৮ বলে ৮৪ রান করা এই ব্যাটারকে অবশেষে আউট করেন মানব সুথার। লেগ সিøপে ধ্রুব জুরেলের হাতে দিনুশা ক্যাচ দেওয়ার পরপরই শ্রীলঙ্কার ইনিংসে ধস নামে। সুথার নিজের শেষ ১০ বলের মধ্যে ৪টি উইকেট তুলে নেন। প্রভাত জয়াসুরিয়া ও লাহিরু কুমারাকে একই ওভারে ফিরিয়ে নিজের ক্যারিয়ারের দ্বিতীয় পাঁচ উইকেট ও ম্যাচে ১০ উইকেটের কীর্তি অর্জন করেন তিনি। শেষ উইকেটটি পড়ার কয়েক মিনিটের মধ্যেই গলেতে মুষলধারে বৃষ্টি শুরু হয় এবং মাঠ ঢেকে ফেলা হয়।

চ্যাম্পিয়নশিপের এই চক্রে ১০ ম্যাচ খেলে পঞ্চম জয় এটি ভারতের। ৫৩.৩৩ শতাংশ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে তারা। বাংলাদেশ ৬৬.৬৭% পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে। আগামীকাল থেকে বাংলাদেশ ম্যাকেতে অস্ট্রেলিয়ার সঙ্গে দ্বিতীয় টেস্ট খেলবে। দুদিন পর কলম্বোর এসএসসিতে ভারত খেলতে নামবে দ্বিতীয় টেস্ট।