পুলিশের অনুষ্ঠানে মাদ্রাসাছাত্রদের হামলা তদন্তে কমিটি ৩ পুলিশ প্রত্যাহার

উচ্চৈঃস্বরে গান চলাকে কেন্দ্র করে ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশলাইনসে সাংস্কৃতিক অনুষ্ঠানে মাদ্রাসাছাত্রদের হামলার অভিযোগের ঘটনা তদন্তে কমিটি গঠন করা হয়েছে। পাশাপাশি পুলিশের তিন সদস্যকে প্রত্যাহার করে পুলিশলাইনসে সংযুক্ত করা হয়েছে।

জেলা পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। গতকাল বুধবার বিকেলে দেওয়া এক বিজ্ঞপ্তিতে গত মঙ্গলবার রাতে পুলিশলাইনসের ঘটনাকে ‘অনাকাক্সিক্ষত’ বলা হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, জেলা পুলিশের মাদকবিরোধী সমাবেশ ও শোভাযাত্রা উপলক্ষে গত মঙ্গলবার ব্রাহ্মণবাড়িয়ায় আসেন চট্টগ্রাম রেঞ্জের উপমহাপরিদর্শক (ডিআইজি) আবদুল কুদ্দুস চৌধুরী। এ উপলক্ষে রাতে পুলিশলাইনসে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে জেলা পুলিশ। অনুষ্ঠানে ডিআইজি ছাড়াও ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল), সদর থানার ওসিসহ পুলিশের অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। রাত ৯টা থেকে ১০টার মধ্যে ডিআইজি ও পুলিশ সুপার অনুষ্ঠান থেকে চলে যান।

স্থানীয়রা জানান, অনুষ্ঠানে উচ্চস্বরে গান চলায় রাত সাড়ে ১১টার দিকে তা কমাতে বলে পাশের দারুল আরকাম আল-ইসলামিয়া মাদ্রাসার শিক্ষার্থীরা। এ নিয়ে পুলিশ ও মাদ্রাসাছাত্রদের মাঝে তর্কবিতর্ক শুরু হয়। পরে শতাধিক শিক্ষার্থী পুলিশলাইনসের ভেতরে প্রবেশ করে হামলা ও ভাঙচুর চালায়। এতে অনুষ্ঠানটি প- হয়ে যায়। পুলিশ ও মাদ্রাসাছাত্রদের মধ্যে সংঘর্ষ শুরু হয়।

পরে পুলিশ লাঠিপেটা করে মাদ্রাসার শিক্ষার্থীদের সরিয়ে দেয়। এ সময় অন্তত ২০ শিক্ষার্থী আহত হন। পুলিশের দাবি, শুরুতে ছাত্রদের হামলায় ১০ পুলিশ সদস্য আহত হন।

এ ঘটনার পর রাত আড়াইটা পর্যন্ত শহরের বিভিন্ন সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন মাদ্রাসার শিক্ষার্থীরা। তারা পুলিশ সদস্যদের বিচার, কনসার্ট বন্ধসহ বিভিন্ন দাবি জানান। পরে উভয় পক্ষকে নিয়ে সভা করে পরিস্থিতি শান্ত করেন জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম।

এদিকে জেলা পুলিশের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ঘটনার প্রকৃত কারণ ও সার্বিক পরিস্থিতি নিরপেক্ষভাবে উদঘাটনের লক্ষ্যে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. ওবায়দুর রহমানকে প্রধান করে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

এ ছাড়া ঘটনার প্রাথমিক পর্যায়ে পুলিশলাইনস ফটক এবং চত্বরে দায়িত্বে বিচ্যুতির অভিযোগে পুলিশের তিন সদস্যকে সব ধরনের দায়িত্ব থেকে প্রত্যাহার করে পুলিশলাইনসে সংযুক্ত করা হয়েছে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।

এতে আরও বলা হয়, জেলা পুলিশ দায়িত্ব পালনে শৃঙ্খলা, পেশাদারত্ব ও জবাবদিহিতা নিশ্চিত করতে সর্বদা প্রতিশ্রুতিবদ্ধ। একই সঙ্গে তদন্তাধীন বিষয়ে কোনো ধরনের অনুমাননির্ভর বা বিভ্রান্তিকর তথ্য প্রচার না করার জন্যও সবার প্রতি অনুরোধ করা হয়।