রাষ্ট্রপতি নির্বাচন: ভোটের সামগ্রী নিয়ে সংসদে ২০ কর্মকর্তা

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচন পরিচালনার জন্য ব্যালট পেপারসহ ভোটের যাবতীয় সামগ্রী নিয়ে জাতীয় সংসদ ভবনে পৌঁছেছেন নির্বাচন কমিশনের (ইসি) ২০ কর্মকর্তা। বৃহস্পতিবার (২০ আগস্ট) নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদের নেতৃত্বে ইসি সচিবালয়ের এই সহায়তাকারী দল সংসদ ভবনে যান।

রাষ্ট্রপতি নির্বাচন আইন, ১৯৯১ অনুযায়ী প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন এই নির্বাচনে ‘নির্বাচনী কর্তা’ বা রিটার্নিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করছেন। তাঁকে দাপ্তরিক সহায়তা দিতেই এই ২০ কর্মকর্তাকে নিয়োগ দেওয়া হয়েছে।

সাড়ে তিন দশকের মাথায় রাষ্ট্রপতি নির্বাচনের ভোটাভুটি আয়োজন করতে সংসদ ভবনে পৌঁছেছেন নির্বাচনি কর্মকর্তারা।

বৃহস্পতিবার বেলা সোয়া ১২টার দিকে তারা সংসদ ভবনে পৌঁছান। সংসদ কক্ষে দুপুর ২টা থেকে বিকাল ৫টা পর্যন্ত এ ভোটগ্রহণ করা হবে। এর আগে সকালে নির্বাচন ভবনে ইসি সচিব আখতার আহমেদের নেতৃত্বে প্রস্তুতিমূলক সভা হয়।

ইসির যুগ্ম সচিব মঈন উদ্দীন খান বলেন, ‘সচিব মহোদয় আমাদেরকে ব্রিফিং করেছেন। রাষ্ট্রপতি নির্বাচনের সহায়ক কর্মকর্তা ও রাষ্ট্রপতি নির্বাচনে কীভাবে ভোট গ্রহণ করা হবে, কত সময় মধ্যে শেষ করতে হবে—এমন যেসকল বিষয় আছে তা আলোচনা হয়েছে বৈঠকে।’

সহায়ক কর্মকর্তারা হলেন—ইসি সচিব আখতার আহমেদ, যুগ্মসচিব মঈন উদ্দীন খান, উপসচিব রাশেদুল ইসলাম, পরিচালক সাইফুল ইসলাম, উপসচিব মোহাম্মদ মনির হোসেন, উপসচিব মুনীর হোসাইন খান, প্রধান নির্বাচন কমিশনারের একান্ত সচিব মোহাম্মদ আশ্রাফুল আলম, সিনিয়র সচিবের একান্ত সচিব মোখলেছুর রহমান, সিনিয়র সহকারী সচিব এ টি এম শামীম মাহমুদ, সিনিয়র সহকারী সচিব সৈয়দ আফজাল আহাম্মেদ, সিনিয়র সহকারী সচিব রশিদ মিয়া, একান্ত সচিব এ এস এম জাকির হোসেন, একান্ত সচিব এস এম হাবিবুর রহমান, সিনিয়র সহকারী সচিব নাসির উদ্দিন চৌধুরী, সিনিয়র সহকারী সচিব শহিদুল ইসলাম, একান্ত সচিব মোহাম্মদ কামরুজ্জামান, সিনিয়র সহকারী সচিব আসমা দিলারা জান্নাত, একান্ত সচিব রৌশন আরা বেগম, সিনিয়র সহকারী সচিব আরাফাত আরা ও সিনিয়র সহকারী সচিব এ এস এম ইকবাল হাসান।

গুরুতর অসুস্থততার কারণ দেখিয়ে গত ২৪ জুলাই পদত্যাগ করেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। এরপর ৬ অগাস্ট সাংবিধানিক সর্বোচ্চ পদে নির্বাচনের তফসিল ঘোষণা করে ইসি। বিএনপি ও সমমনাদের প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও ১১ দলীয় জোটের প্রার্থী হিসেবে রয়েছেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) প্রেসিডেন্ট অলি আহমদ ভোটে রয়েছেন।