ঢাকার ধামরাইয়ে বংশী নদীতে ড্রেজারে ডাকাতির ঘটনায় আন্তঃজেলা ডাকাত চক্রের ছয় সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহৃত একটি পিকআপ ভ্যান, পাইপগান, কাটার, শাবল, স্ক্রু-ক্রেকার, ধারালো কাস্তে, দাসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।
পুলিশ জানায়, গত ১১ আগস্ট রাত দেড়টার দিকে ধামরাইয়ের ইসলামপুর এলাকায় বংশী নদীতে একটি ড্রেজারে ডাকাতির ঘটনা ঘটে। ওই রাতে ১২ থেকে ১৫ জনের একটি মুখোশধারী ডাকাত দল দেশীয় অস্ত্র নিয়ে ড্রেজারে উঠে চার কর্মচারীকে মারধর ও ভয়ভীতি দেখায়। পরে তারা ড্রেজারে থাকা ১২ ভোল্টের ব্যাটারি, ওয়েল্ডিং মেশিন, গ্রাইন্ডিং মেশিন, বৈদ্যুতিক তার, চারটি মোবাইল ফোন এবং নগদ ২ লাখ ৪৪ হাজার ৫০০ টাকা লুট করে পালিয়ে যায়।
এ ঘটনায় ড্রেজারের মালিক ধামরাই থানায় মামলা করেন। মামলার তদন্ত কর্মকর্তা এসআই কাওসার তথ্যপ্রযুক্তির সহায়তায় ঢাকা, গাজীপুর, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জসহ বিভিন্ন এলাকায় অভিযান চালান। পরে নারায়ণগঞ্জের ফতুল্লা ও ঢাকা জেলার দক্ষিণ কেরানীগঞ্জসহ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ছয়জনকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- মো. মাহতাব হোসেন, মো. কামাল হোসেন, জয়নাল আবেদীন, আবিদ হাসান আন্না, আরাফাত আলিফ ইসলাম ছোটন ও মনির খান ওরফে মনির।
সাভার সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার রাকিবুল ইসলাম ইশান জানান, গ্রেপ্তাররা আন্তঃজেলা ডাকাত চক্রের সদস্য। চক্রটি ধামরাই এলাকায় নতুন করে কার্যক্রম শুরু করেছিল। তাদের গ্রেপ্তারের ফলে ভবিষ্যতে সম্ভাব্য আরও ডাকাতির ঘটনা প্রতিহত করা সম্ভব হবে বলে আশা করছে পুলিশ।
গ্রেপ্তার ছয়জনের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।