ঢাকার ধামরাইয়ে চীনা মালিকানাধীন একটি ব্যাটারি কারখানার চীনা কর্মকর্তাকে বেঁধে লকার থেকে নগদ ৭০ লাখ টাকা লুট করার অভিযোগ উঠেছে। তবে এঘটনায় কোনো সিসিটিভি ফুটেজ পাওয়া যায়নি। ঘটনাস্থল পরিদর্শন করেন রবিবার (২০ সেপ্টেম্বর) দুপুরে ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজমুল হুদা খান বিষয়টি নিশ্চিত করেন।
শনিবার (১৯ সেপ্টেম্বর) রাতে উপজেলার বেলিশ্বর এলাকায় ‘জিয়াংশু স্টোরেজ ব্যাটারি বিডি কোম্পানি লিমিটেড’ নামে কারখানাটিতে টাকা লুটের ঘটনা ঘটে।
কারখানার ইনচার্জ ও ক্যাশিয়ার লি পেংগুই জানান, রাত সাড়ে ১১টার দিকে ইনচার্জ ও ক্যাশিয়ার লি পেংগুই ঘুমাতে যান। এর কিছুক্ষণ পর রাত সোয়া ১২টার দিকে মুখোশধারী তিনজন টয়লেটের জানালার গ্রিল কেটে কারখানায় প্রবেশ করে। পরে তারা চীনা কর্মকর্তার গলায় ছুরি ধরে তার হাত-পা বেঁধে ফেলে। একপর্যায়ে লির কাছ থেকে চাবি নিয়ে লকার খুলে প্রায় ৭০ লাখ টাকা নিয়ে পালিয়ে যান।
ওসি মো. নাজমুল হুদা খান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। জড়িতদের শনাক্ত এবং টাকা উদ্ধারে অভিযান চলছে। দ্রুত আসামিদের গ্রেপ্তার করা হবে বলেও জানান তিনি।