পুলিশ ও সাংবাদিকরা দেশ ও মানুষের কল্যাণে এক ও অভিন্ন লক্ষ্য নিয়ে কাজ করছেন বলে মন্তব্য করেছেন ফরিদপুরের পুলিশ সুপার শাহরিয়ার মোহাম্মদ নিয়াজী।
তিনি বলেন, পুলিশ ও সাংবাদিকদের কাজের ক্ষেত্র ভিন্ন হলেও উভয়ের লক্ষ্য সমাজ ও দেশের মানুষের কল্যাণ নিশ্চিত করা। কাজ করতে গিয়ে ভুল-ত্রুটি হতে পারে। তবে একজন মানুষের একটি ভুলের কারণে তার আগের সব ভালো কাজ ভুলে গেলে চলবে না।
বৃহস্পতিবার (২০ আগস্ট) দুপুর ১২টায় ফরিদপুর পুলিশ সুপারের কার্যালয়ের হলরুমে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
পুলিশ সুপার বলেন, সন্ত্রাস, মাদকসহ সব ধরনের অপরাধ দমন এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে জেলা পুলিশ নিবেদিতভাবে কাজ করবে। তবে এ ক্ষেত্রে সাংবাদিকদের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সমাজের বিভিন্ন সমস্যা ও অপরাধের তথ্য তুলে ধরার মাধ্যমে সাংবাদিকরা পুলিশকে কার্যকর ভূমিকা রাখতে সহায়তা করতে পারেন। তাই পুলিশ ও সাংবাদিকদের পারস্পরিক সহযোগিতা ও সমন্বয়ের মাধ্যমে দেশ ও মানুষের কল্যাণে কাজ করতে হবে।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন— অতিরিক্ত পুলিশ সুপার ফাতেমা ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার আজমির হোসেন, কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহমুদুল হাসানসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
সাংবাদিকদের মধ্যে বক্তব্য দেন ফরিদপুর প্রেস ক্লাবের সভাপতি কবিরুল ইসলাম সিদ্দিকী, সিনিয়র সাংবাদিক পান্না বালা, জাহিদ রিপন, সাজ্জাদ হোসেন রনি, সাইফুল ইসলাম অহিদ ও আলিমুজ্জামান রনি। এ সময় ফরিদপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মাহবুব হোসেন পিয়াল, কামরুজ্জামান সোহেলসহ ক্লাবের অন্যান্য সদস্য উপস্থিত ছিলেন।
সভায় ফরিদপুর জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। সাংবাদিকরা মাদক, ছিনতাই, যানজট, চুরি ও কিশোর গ্যাংয়ের কর্মকাণ্ডসহ বিভিন্ন সামাজিক সমস্যা নিয়ে মতামত তুলে ধরেন। এসব সমস্যা সমাধান এবং জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতির আরও উন্নয়নে জেলা পুলিশের কার্যকর ভূমিকার ওপর গুরুত্বারোপ করা হয়।
এ ছাড়া রাতের বেলায় শহরের নিরাপত্তাব্যবস্থা আরও জোরদার করার দাবি জানান সাংবাদিকরা।
সভায় পুলিশ ও সাংবাদিকদের মধ্যে পারস্পরিক সহযোগিতা, তথ্য আদান-প্রদান এবং সমাজের অপরাধ ও বিভিন্ন সমস্যা প্রতিরোধে সম্মিলিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করা হয়।