ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার দাউদকান্দিতে বসানো একটি এআই (কৃত্রিম বুদ্ধিমত্তা) ক্যামেরা চুরির প্রস্তুতির সময় এক ব্যক্তিকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় বাসিন্দারা।
বুধবার (১৯ আগস্ট) গভীর রাতে মহাসড়কের দাউদকান্দি উপজেলার মালিখিল এলাকায় ঢাকামুখী লেনে এ ঘটনা ঘটে।
আটক ব্যক্তির নাম মো. ফারুক (৪০)। তিনি দাউদকান্দির মালিখিল হাজিবাড়ি এলাকার ধানু মিয়ার ছেলে।
হাইওয়ে পুলিশের কুমিল্লা রিজিয়নের পুলিশ সুপার শাহীনুর আলম খান বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানান, বুধবার রাতে মালিখিল এলাকার ১৭৯ নম্বর পিলারে থাকা এআই ক্যামেরাটি চুরির চেষ্টা করছিলেন ফারুক। স্থানীয় লোকজন টের পেয়ে তাকে হাতেনাতে আটক করে হাইওয়ে পুলিশের কাছে দেন। পরে তাকে দাউদকান্দি মডেল থানায় হস্তান্তর করা হয়। এই ঘটনায় থানায় মামলা দায়েরের পর ফারুককে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
উল্লেখ্য, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের যাত্রাবাড়ী থেকে চট্টগ্রাম সিটি গেট পর্যন্ত প্রায় ২৫০ কিলোমিটার এলাকা এআই ক্যামেরার আওতায় আনা হয়েছে। সড়কের ৪৯০টি পয়েন্টে বসানো মোট ১ হাজার ৪২৭টি ক্যামেরা যানবাহনের নম্বর প্লেট ও বিভিন্ন ট্রাফিক আইন লঙ্ঘন—যেমন অতিরিক্ত গতি, উল্টো পথে গাড়ি চালানো ও অবৈধ পার্কিং স্বয়ংক্রিয়ভাবে শনাক্ত করতে সক্ষম। অপরাধ শনাক্তের পরপরই গাড়ির মালিকের মোবাইলে মামলার বার্তা পৌঁছে যায়।
সরকারি এই সম্পদের সুরক্ষায় সর্বসাধারণের সহযোগিতা চেয়ে পুলিশ সুপার মোহাম্মদ শাহিনুর আলম খান বলেন, মহাসড়কে নিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষায় এআই ক্যামেরাগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। রাষ্ট্রীয় এ সম্পত্তি রক্ষায় পুলিশ সর্বোচ্চ সতর্ক রয়েছে।