'ক্লাস রেখে বাইরে নয়',শিক্ষকদের সতর্ক করে ইউএনও'র চিঠি 

প্রতিষ্ঠান চলাকালীন সময়ে ক্লাস রেখে অহেতুক বাইরে ঘোরাফেরা ও অনুমতি ছাড়া প্রতিষ্ঠান ত্যাগ না করতে শিক্ষকদের সতর্ক করেছেন ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সানজিদা রহমান। একই সঙ্গে দায়িত্বে অবহেলা করলে সংশ্লিষ্ট শিক্ষকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানানো হয়েছে।

এ বিষয়ে গতকাল বুধবার ঈশ্বরগঞ্জ উপজেলার সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানের অধ্যক্ষ, প্রধান শিক্ষক, সুপার ও শিক্ষকদের উদ্দেশে একটি সতর্কীকরণ চিঠি দিয়েছেন ইউএনও সানজিদা রহমান।

চিঠিতে বলা হয়েছে, প্রতিষ্ঠান চলাকালীন সময়ে কিছু প্রধান ও সহকারী শিক্ষক ক্লাস রেখে প্রতিষ্ঠান ত্যাগ করেন—এমন অভিযোগ মোবাইল বার্তার মাধ্যমে তাঁর কাছে এসেছে। এ ছাড়া অনেক সময় তাঁদের উপজেলার বিভিন্ন এলাকায় ঘোরাফেরা করতেও দেখা যায়।

ইউএনওর কার্যালয় সূত্রে জানা গেছে, এ ধরনের কর্মকাণ্ডের কারণে শিক্ষাপ্রতিষ্ঠানের স্বাভাবিক পরিবেশ ব্যাহত হচ্ছে। পাশাপাশি নির্ধারিত পাঠদান এড়িয়ে চলার ফলে শিক্ষার্থীদের পড়াশোনার মারাত্মক ক্ষতি হচ্ছে বলে চিঠিতে উল্লেখ করা হয়েছে।

সতর্কীকরণ চিঠিতে বলা হয়, শিক্ষার্থীদের শতভাগ পরীক্ষার ফলাফল ও মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানদের পাশাপাশি সহকারী শিক্ষকদেরও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। প্রতিষ্ঠান চলাকালীন সময়ে ক্লাস রেখে অহেতুকভাবে প্রতিষ্ঠান ত্যাগ না করার জন্য তাঁদের সতর্ক করা হয়েছে।

চিঠিতে আরও বলা হয়, অনুমতি ছাড়া প্রতিষ্ঠান ত্যাগ করা এবং দায়িত্বে অবহেলার ঘটনা ঘটলে সংশ্লিষ্ট শিক্ষকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।


ঈশ্বরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা রহমান বলেন, “শিক্ষকদের মূল দায়িত্ব শিক্ষার্থীদের পাঠদান নিশ্চিত করা। প্রতিষ্ঠান চলাকালীন সময়ে ক্লাস রেখে বাইরে ঘোরাফেরা বা দায়িত্বে অবহেলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এ বিষয়ে সবাইকে সতর্ক করা হয়েছে। ভবিষ্যতে এমন অভিযোগের সত্যতা পাওয়া গেলে নিয়ম অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।”

উল্লেখ্য যে, ১৯ আগস্ট দেওয়া ওই চিঠির অনুলিপি ময়মনসিংহের জেলা প্রশাসক, ঈশ্বরগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ও সংশ্লিষ্ট দপ্তরে পাঠানো হয়েছে।