চট্টগ্রাম নগরের চান্দগাঁও থানাধীন কামাল বাজার এলাকায় ছুরিকাঘাতে সাকিব (২৪) নামে এক যুবক নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার (২০ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় ৭টা ১০ মিনিটের দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে আনা হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পুলিশ সুত্র জানায়, নিহত সাকিব চান্দগাঁও থানাধীন সিএমবির আটগাছতলা এলাকার সালেহ আহম্মদ চৌধুরীর বাড়ির নজুম উদ্দিনের ছেলে। তবে কী কারণে কে বা কারা তাকে ছুরিকাঘাত করেছে, তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
চমেক পুলিশ ফাঁড়ি ইনচার্জ নুরুল আলম আশেক বলেন, গুরুতর আহত এক যুবককে হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহতের লাশ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।