দিনাজপুর জেলা মোটর পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচন আগামী ১৯ সেপ্টেম্বর

দিনাজপুর জেলা মোটর পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচনী তফসিল ঘোষণা করা হয়েছে। ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ১৯ সেপ্টেম্বর এই নির্বাচন অনুষ্ঠিত হবে। 
 
বৃহস্পতিবার (২০ আগস্ট) সন্ধ্যা ৬টায় সুইহারিস্থ জেলা মোটর পরিবহন শ্রমিক ইউনিয়ন কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে নির্বাচনের এই তফসিল ঘোষণা করেন অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সহ-সভাপতি,  রাজশাহী ও রংপুর বিভাগীয় আঞ্চলিক কমিটির আহবায়ক আব্দুল হামিদ মিটুল।
 
এ সময় দিনাজপুর জেলা মোটর পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচন পরিচালনা কমিটির প্রধান মো. আব্দুল মোন্নাফ মুকুলসহ নির্বাচন পরিচালনা কমিটির অন্যান্য সদস্যবৃন্দ, জেলা মটর পরিবহন শ্রমিক ইউনিয়নের আহবায়ক মো. আব্দুল কাইয়ূম, যুগ্ম আহবায়ক শওকত আলী তোতাসহ অন্যান্য আহবায়ক কমিটির সদস্যবৃন্দ, রংপুর ও বগুড়া হতে আগত অতিথিবৃন্দ ও বিপুলসংখ্যক পরিবহন শ্রমিক উপস্থিত ছিলেন। 
 
নির্বাচনি তফসিল ঘোষণার পর উপস্থিত শ্রমিকরা উল্লাসে ফেটে পড়ে এবং করতালি দিয়ে নির্বাচন কমিটি ও আহবায়ক কমিটিকে শুভেচ্ছা ও অভিনন্দন জানায়।
 
অনুষ্ঠানের শেষে মোটর পরিবহন শ্রমিক ইউনিয়নের মৃত সদস্যদের পরিবারকে এককালিন অনুদান হিসেবে প্রত্যেককে ৫০ হাজার করে ৩০ জনকে মোট ১৫ লাখ টাকা প্রদান করা হয়।