সাবেক জনপ্রশাসন প্রতিমন্ত্রীর স্ত্রী মোনালিসা তিন দিনের রিমান্ডে  

সাবেক জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেনের স্ত্রী ও যুব মহিলা লীগের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি সৈয়দা মোনালিসা ইসলামকে জুলাই আন্দোলনে নিউমার্কেট থানার আব্দুল ওয়াদুদ হত্যা মামলায় তিনদিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।

বৃহস্পতিবার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আওলাদ হোসাইন মুহাম্মদ জোনাইদ উভয় পক্ষের শুনানি শেষে এই আদেশ দেন।

নয়টি মামলায় উচ্চ আদালত থেকে জামিন লাভের পর গত ১২ আগস্ট তাকে নিউমার্কেট থানার এ মামলায় গ্রেপ্তার দেখানোসহ সাত দিনের রিমান্ডের আবেদন করে এই মামলার তদন্ত কর্মকর্তা ডিবির রমনা জোনাল পরিদর্শক আমজাদ হোসেন তালুকদার।  সেই আবেদনের শুনানি শেষে আদালত তিন দিনের রিমান্ড মন্জুর করে আদালত। 

মামলার অভিযোগ থেকে জানা যায়, ২০২৪ সালের ১৯ জুলাই বিকেলে নিউমার্কেট থানাধীন নীলক্ষেত এলাকায় আন্দোলন চলাকালে গুলিবিদ্ধ হয়ে নিহত হন ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ। এ ঘটনায় তার শ্যালক আব্দুর রব সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১৩০ জনের বিরুদ্ধে নিউমার্কেট থানায় এ হত্যা মামলাটি করে।

উল্লেখ্য, ২০২৫ সালের ১৬ ফেব্রুয়ারি রাতে ঢাকার ইস্কাটন রোডের বাসা থেকে সৈয়দা মোনালিসাকে গ্রেপ্তার করে পুলিশ।