নারায়ণগঞ্জে ইসলামী যুব আন্দোলনের নেতাকে কুপিয়ে হত্যা

নারায়ণগঞ্জের বন্দরে একটি মামলা তুলে না নেওয়ার জের ধরে চিহ্নিত সন্ত্রাসী সিফাত বাহিনীর প্রধান সিফাতের নেতৃত্বে জাহিদ হাসান বুলবুল (৪৫) নামে ইসলামী যুব আন্দোলনের নেতাকে কুপিয়ে হত্যা করেছে। বৃহস্পতিবার (২০ আগস্ট) রাতে বন্দরের সালেহনগর এলাকায় এই ঘটনা ঘটে।

নিহত বুলবুল সালেহনগর শাহী মসজিদ এলাকা রাজা মাস্টারের ছেলে। তিনি স্থানীয় একটি রিকশা গ্যারেজেরও মালিক। একই সাথে তিনি সিটি কর্পোরেশনের ২২ নং ওয়ার্ড ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ সভাপতি ও বন্দর থানার যুগ্ম সম্পাদক পদে ছিলেন। এই ঘটনায় ইসলামী আন্দোলনের নেতাকর্মীদের মধ্যে ক্ষোভ বিরাজ করছে।  

স্থানীয়রা জানান, চব্বিশের আন্দোলনের সময়ে সালেহনগর এলাকাতে বুলবুলের গ্যারেজে লুটপাটের ঘটনায় বুলবুল বন্দর থানায় সিফাতকে প্রধান আসামি করে একটি মামলা করে। সেই মামলার জের ধরে এদিন রাতে সালেহনগর এলাকাতে বুলবুলকে একা পেয়ে মামলা তুলে নিতে ফের হুমকি দেয় সিফাত ও সঙ্গে থাকা লোকজন। এ নিয়ে তাদের বাকবিতণ্ডা ঘটে।

এক পর্যায়ের ধারালো অস্ত্র দিয়ে বুলবুলকে কুপিয়ে ফেলে রেখে পালিয়ে যায় সন্ত্রাসীরা। পরবর্তীতে আশপাশের লোকজন তাকে উদ্ধার করে শহরের ১০০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নারায়ণগঞ্জ মহানগর ইসলামী আন্দোলনের সিনিয়র সহ সভাপতি মুফতি মাসুম বিল্লাহ বলেন, আমাদের একজন নেতাকে অন্যায়ভাবে বন্দরের চিহ্নিত সন্ত্রাসী সিফাত বাহিনী কুপিয়ে হত্যা করেছে। আমরা এই হত্যাকাণ্ডের বিচার চাই। অনতিবিলম্বে সন্ত্রাসীদের আইনের আওতায় আনতে হবে।

বন্দর পুলিশ পরিদর্শক (তদন্ত) আনিসুর রহমান বলেন, আমরা ঘটনাস্থলে আছি। এই ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হবে।