চওড়া স্ক্রিনের ফোল্ডেবল ফোন আনছে স্যামসাং

গ্যালাক্সি জেড ফোল্ড ৮-এর বিপুল জনপ্রিয়তাকে কাজে লাগিয়ে এবার আরও চওড়া স্ক্রিনের নতুন ফোল্ডেবল ফোন বাজারে আনার পরিকল্পনা করছে স্যামসাং। নতুন এ ফোল্ডেবল ফোনটি ২০২৭ সালে বাজারে আসতে পারে। তবে বর্তমান গ্যালাক্সি জেড ফোল্ড ৮-এর ৪:৩ রেশিও নতুন ডিভাইসে থাকছে না।

‘ভিডিও দেখার অভিজ্ঞতাকে সেরা করতে বিশেষ অ্যাসপেক্ট রেশিওর স্ক্রিন তৈরির’ দিকে মনোযোগ দিচ্ছে স্যামসাং। প্রযুক্তি বিশেষজ্ঞদের ধারণা, এ অ্যাসপেক্ট রেশিও ১৬:৯ বা ১৬:১০-এর কাছাকাছি হতে পারে। তবে এ বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু নিশ্চিত করেনি স্যামসাং। বাজারে আসার পর গ্যালাক্সি জেড ফোল্ড ৮ প্রায় সর্বজনীন প্রশংসায় ভাসলেও কেবল একটি বিষয়ে সমালোচনা করেছিলেন সমালোচকরা, যা ছিল পর্দার ৪:৩ অ্যাসপেক্ট। এ কারণে বেশিরভাগ ভিডিও দেখাকালীন স্ক্রিনের ওপর-নিচে কালো বর্ডার দেখা যায়। স্যামসাংয়ের নতুন ডিভাইসটি ভিডিওপ্রেমীদের সেই কাক্সিক্ষত সমস্যারই সমাধান করতে যাচ্ছে। ইটি নিউজের প্রতিবেদনে ইঙ্গিত মিলেছে, ২০২৭ সালের মধ্যে একসঙ্গে মোট পাঁচটি ভাঁজওয়ালা ডিভাইস বাজারে আনার লক্ষ্য নিয়ে কাজ করছে স্যামসাং। যার মধ্যে রয়েছে বহুল আলোচিত জেড ফোল্ড ৮, জেড ফোল্ড ৮ আল্ট্রা, জেড ফ্লিপ ৮-এর পরবর্তী সংস্করণ ও একদম নতুনরূপে ফিরতে যাওয়া ‘গ্যালাক্সি জেড ট্রাইফোল্ড’। বাজারে আনার পর প্রায় ২ হাজার ৯০০ ডলার দাম ও র‌্যাম সংকটের কারণে ট্রাইফোল্ড সিরিজের উৎপাদন একপর্যায়ে বন্ধ করে দিতে বাধ্য হয়েছিল দক্ষিণ কোরীয় এই প্রযুক্তি জায়ান্ট।