চট্টগ্রামে শুরু হলো তিন দিনব্যাপী ‘বিল্ড এক্সপো’

টেকসই উন্নয়ন ও পরিকল্পিত নগরায়ণ শুধু কাগজে-কলমে সীমাবদ্ধ রাখলে চলবে না, বাস্তবায়নে সংশ্লিষ্ট সব পক্ষকে এক সঙ্গে মাঠে নামতে হবে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) চেয়ারম্যান প্রকৌশলী বেলায়েত হোসেন। তিনি বলেন, আমরা টেকসই উন্নয়নের কথা বলি। পরিকল্পিত নগরায়ণের কথা তুলে ধরি। কিন্তু এই বিষয়গুলো বাস্তবায়নের জন্য শুধু পরিকল্পনা করলেই হবে না, এর সঙ্গে সংশ্লিষ্ট সব পক্ষকে সমন্বিতভাবে কাজ করতে হবে।

গতকাল বৃহস্পতিবার সকালে নগরীর পাঁচ তারকা হোটেল র‌্যাডিসন ব্লুতে প্রথমবারের মতো আয়োজিত তিন দিনব্যাপী ‘চট্টগ্রাম বিল্ড এক্সপো-২০২৬’ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বাংলাদেশ স্থপতি ইনস্টিটিউট (বাস্থই), চট্টগ্রাম চ্যাপ্টার প্রথমবারের মতো বন্দর নগরীতে এই এক্সপোর আয়োজন করেছে।

প্রকৌশলী বেলায়েত হোসেন বলেন, নগরবাসীর জন্য আমরা নতুন একটি আধুনিক উন্নয়নের রূপরেখা নিয়ে এগোচ্ছি। আধুনিক স্থাপত্যশৈলীর মাধ্যমেই মূলত এই শহরটিকে নতুন করে সাজাতে চাই। কারণ, এ পরিকল্পনাগুলো সঠিকভাবে বাস্তবায়ন করা সম্ভব হলেই শহরের প্রকৃত আধুনিকায়ন ঘটবে। প্রদর্শনীতে যে বিষয়গুলো উঠে এসেছে, তার সব আধুনিকতারই অংশ, যা হয়তো একসময় আমাদের চিন্তারও বাইরে ছিল উল্লেখ করে তিনি বলেন, এই প্রদর্শনীর মাধ্যমে চট্টগ্রামবাসী নতুন অনেক দিক সম্পর্কে জানার ও দেখার সুযোগ পাবেন।

‘চট্টগ্রাম বিল্ড এক্সপো-২০২৬’ এর আহ্বায়ক স্থপতি মো. মিজানুর রহমান বলেন, মানসম্মত নির্মাণকাজ নিশ্চিত করতে স্থপতি, প্রকৌশলী ও বিক্রেতাদের মধ্যে মেলবন্ধন তৈরিই এই আয়োজনের মূল লক্ষ্য।

এক্সেপোর উদ্দেশ্য তুলে ধরে তিনি বলেন, যদি আমরা মানসম্মত নির্মাণ চাই, একদিকে যেমন স্থপতি ও প্রকৌশলী পেশাজীবীদের প্রয়োজন, অন্যদিকে সঠিক প্রস্তুতকারক ও সরবরাহকারীদের প্রয়োজন। তাদের মধ্যে যেন একটি উপযুক্ত যোগসূত্র তৈরি হয়, সেজন্যই আমাদের এই প্রদর্শনী।

চট্টগ্রাম বিল্ড এক্সপো-২০২৬ এর উপদেষ্টা স্থপতি মেহেদী ইফতেখার বলেন, এই আয়োজন থেকে অর্জিত জ্ঞান ও অভিজ্ঞতা আগামী দিনে একটি সবুজ, পরিবেশবান্ধব ও নান্দনিক চট্টগ্রাম গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন চট্টগ্রাম বিল্ড এক্সপো-২০২৬ এর সদস্য স্থপতি মোহাম্মদ আসাদুজ্জামান চৌধুরী, বাংলাদেশ স্থপতি ইনস্টিটিউটের (আইএবি) সাধারণ সম্পাদক ড. মাসুদ উর রশীদ, এন মোহাম্মদ গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ মঞ্জুরুল হক প্রমুখ।