বিদেশ থেকে পরিচালিত অনলাইন জুয়া সাইটের মাধ্যমে সংগৃহীত অর্থ সংগ্রহ করে বিদেশে পাচারের অভিযোগে একটি চক্রের ২ সদস্যকে গ্রেপ্তার করেছে সিআইডির সাইবার পুলিশ সেন্টার (সিপিসি)। গতকাল বৃহস্পতিবার সিআইডির বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) জসীম উদ্দিন খান বলেন, গ্রেপ্তারকৃতদের মধ্যে একজন রাশিয়া থেকে নিয়ন্ত্রিত একটি অনলাইন জুয়া সাইটের অ্যাডমিন হিসেবে কাজ করতেন। গ্রেপ্তারকৃতরা হলেন সৈয়দ জামান এবং রুহুল কুদ্দুস ওরফে বাপ্পী। গত বুধবার রাজশাহী ও ঝিনাইদহের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
সিআইডির ভাষ্য, নিয়মিত সাইবার নজরদারির সময় দেশের অভ্যন্তর ও বিদেশ থেকে পরিচালিত বিভিন্ন অনলাইন জুয়া সাইটের কার্যক্রমের তথ্য পাওয়া যায়। এসব সাইটের বিজ্ঞাপন সামাজিক মাধ্যম ও বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে প্রচার করা হচ্ছিল। আন্তর্জাতিক ক্রিকেট, ফুটবলসহ বিভিন্ন খেলাকে কেন্দ্র করে অর্থের বিনিময়ে জুয়া এবং অনলাইন ক্যাসিনো পরিচালনার তথ্যও পাওয়া যায়।
এ ঘটনায় সিআইডি বাদী হয়ে গত ১৭ মে পল্টন থানায় সাইবার সুরক্ষা আইনের বিভিন্ন ধারায় মামলা করে। পরে তথ্যপ্রযুক্তির সহায়তায় তদন্তে গ্রেপ্তার দুজনের সম্পৃক্ততার তথ্য পাওয়া যায়। সিআইডি জানায়, চক্রটি দেশের বিভিন্ন এলাকায় জুয়ার এজেন্ট নিয়োগ করে তাদের মোবাইল আর্থিক সেবার নম্বর ও ব্যাংক হিসাব সংগ্রহ করত। এসব নম্বর ও হিসাব অনলাইন জুয়া সাইটে যুক্ত করে জুয়ায় অংশ নেওয়া ব্যক্তিদের কাছ থেকে অর্থ গ্রহণ এবং উত্তোলনের ব্যবস্থা করা হতো। পরবর্তী সময়ে জুয়ার মাধ্যমে সংগৃহীত অর্থ থেকে এজেন্টরা কমিশন কেটে রাখার পর বিভিন্ন ব্যাংক হিসাব ও ক্রিপ্টোকারেন্সি প্ল্যাটফর্মের মাধ্যমে অর্থ বিদেশে পাচার করত বলে তদন্তে তথ্য পাওয়া গেছে।