সিলেট মহানগরীর রায়নগর মিতালী আবাসিক এলাকার নিকুঞ্জ ভিলায় বৃদ্ধ দম্পতি ও তাদের গৃহকর্মীকে হত্যার ঘটনায় গ্রেপ্তারকৃত আসামি বাবুল মিয়া আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। চার দিনের রিমান্ড শেষে বাবুল মিয়াকে গতকাল বৃহস্পতিবার সিলেটের অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ফারহানা সুলতানার আদালতে হাজির করা হয়। এ সময় বাবুল মিয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে সম্মত হন। এরপর সন্ধ্যা সাড়ে ৬টা থেকে রাত ৮টা পর্যন্ত তার জবানবন্দি রেকর্ড করা হয় বলে জানিয়েছেন কোতোয়ালি থানার ওসি খান মুহাম্মদ মাইনুল জাকির।
ওসি জানান, চার দিনের রিমান্ড শেষে বৃহস্পতিবার বেলা ১টার দিকে কড়া নিরাপত্তায় বাবুল মিয়াকে আদালতে হাজির করা হয়। এ সময় বাবুল মিয়া আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে আগ্রহ প্রকাশ করে। পরে ম্যাজিস্ট্রেট ফারহানা সুলতানা তার জবানবন্দি রেকর্ড করেন। আসামি বাবুল মিয়া রায়নগর রাজবাড়ি এলাকার আখতার মিয়ার কলোনির বাসিন্দা। তার বাবার নাম মৃত নূর মিয়া।
উল্লেখ্য, গত ১২ আগস্ট সকাল ৯টার দিকে নগরীর রায়নগর মিতালী আবাসিক এলাকার ১১১ নম্বর বাসায় তিনজনকে হত্যার ঘটনা ঘটে। নিহতরা হলেনÑ ওই বাসার মালিক মো. আবদুস সাত্তার (৮২), তার স্ত্রী সুরাইয়া বেগম (৭৬) এবং গৃহপরিচারিকা তাহমিনা বেগম (১৫)।
পুলিশ জানায়, হত্যাকা-ের পরপরই ওই দিন বিকেল সাড়ে ৩টার দিকে রায়নগর রাজবাড়ী এলাকার একটি কলোনিতে অভিযান চালিয়ে বাবুল মিয়াকে (৪০) আটক করা হয়। পুলিশের দাবি, আটকের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে বাবুল মিয়া হত্যাকা-ে জড়িত থাকার কথা স্বীকার করে।