ফরিদপুরের বোয়ালমারী উপজেলার গুণবহা ইউনিয়নের গুণবহা চরপাড়া এলাকায় বারাশিয়া নদী থেকে আনুমানিক ৭০ বছর বয়সী এক অজ্ঞাতনামা বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গত বুধবার দিবাগত রাত ২টার দিকে নদীর কচুরিপানার ভেতর থেকে মরদেহটি উদ্ধার করা হয়। জানা গেছে, মানসিক ভারসাম্যহীন ওই বৃদ্ধ বেশ কিছুদিন ধরে গুণবহা ও আশপাশের এলাকায় ঘোরাফেরা করছিলেন। গত রাতে গুণবহা গ্রামের বাসিন্দা নিশানসহ স্থানীয় এলাকাবাসী ওই বৃদ্ধের গোঙানি ও হাউমাউ করে কাঁদার শব্দ শুনতে পান। খবর পেয়ে বোয়ালমারী থানার সাব-ইন্সপেক্টর (এসআই) আব্দুর রশিদ সঙ্গীয় ফোর্সসহ দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হন। পরে ফায়ার সার্ভিসের কর্মীদের সহায়তায় বারাশিয়া নদীর কচুরিপানার মধ্য থেকে ওই অজ্ঞাতনামা বৃদ্ধের মৃতদেহ উদ্ধার করা হয়।