রোহিঙ্গা সংকট দেশের পরিবেশ ও অর্থনীতির ওপর বড় ধরনের চাপ তৈরি করেছে বলে জানিয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। একইসঙ্গে রোহিঙ্গা-অধ্যুষিত এলাকায় মাদকপাচার ও চোরাচালানসহ নানা ধরনের অপরাধ সংঘটিত হচ্ছে বলেও উল্লেখ করেন তিনি। এ ছাড়া সীমান্ত সমস্যা, প্রতিবেশী দেশগুলোর সঙ্গে বিভিন্ন ইস্যু, পার্বত্য চট্টগ্রামের সমস্যা ও বিদ্রোহ, জ্বালানি সংকটসহ দেশের সামনে নানা চ্যালেঞ্জ রয়েছে বলেও উল্লেখ করেন সেনাপ্রধান।
গতকাল বৃহস্পতিবার দুপুরে মিরপুর সেনানিবাসের ন্যাশনাল ডিফেন্স কলেজ (এনডিসি) অডিটরিয়ামে ‘ক্যাপস্টোন কোর্স’-এর সমাপনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। তিনি বলেন, এসব সমস্যার সমাধান এক দিনে সম্ভব নয়। বিভিন্ন সময়ে বিশিষ্ট ব্যক্তিদের এনডিসিতে এনে এ ধরনের কোর্সের মাধ্যমে তাদের জ্ঞান ও অভিজ্ঞতা সমৃদ্ধ করার পাশাপাশি এনডিসিও তাদের অভিজ্ঞতা থেকে উপকৃত হচ্ছে। দেশের বিভিন্ন সমস্যা সমাধান, নীতি ও আইন প্রণয়নে ক্যাপস্টোন কোর্সে অংশ নেওয়া অভিজ্ঞ ব্যক্তিরা গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারেন।
ক্যাপস্টোন কোর্সে বিভিন্ন ক্ষেত্রের ৩৭ জন অংশ নেন জানিয়ে সেনাপ্রধান বলেন, অধ্যাপক, চিকিৎসক, বিচারক, আইনজীবীসহ বিভিন্ন পেশার মানুষের সমন্বয়ে এখানে অভিজ্ঞতার একটি চমৎকার সমাবেশ ঘটেছে।