বান্দরবান, রাঙ্গামাটি ও খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের অন্তর্বর্তীকালীন পরিষদ পুনর্গঠন করেছে সরকার। তিন জেলায় ১৫ সদস্যের করে নতুন পরিষদ গঠন করা হয়েছে। এর মধ্যে একজন করে চেয়ারম্যান এবং ১৪ জন সদস্য রয়েছেন। গতকাল বৃহস্পতিবার পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয় থেকে পৃথক প্রজ্ঞাপনের মাধ্যমে এই তিন জেলা পরিষদ পুনর্গঠন করা হয়।
প্রজ্ঞাপন অনুযায়ী, বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান করা হয়েছে মিজ ম্যামাচিংকে। রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান হয়েছেন দীপন তালুকদার। খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান করা হয়েছে ম্রাসা খোয়াই মারমাকে। ১৯৮৯ সালের সংশ্লিষ্ট পার্বত্য জেলা পরিষদ আইন, ১৯৯৭ সালের সংশোধনী আইন এবং ২০১৪ সালের সংশোধিত আইনে দেওয়া ক্ষমতাবলে সরকার এসব পরিষদ পুনর্গঠন করেছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, পুনর্গঠনের মাধ্যমে নতুন পরিষদ দায়িত্ব গ্রহণ না করা পর্যন্ত সংশ্লিষ্ট জেলা পরিষদের সব কার্যক্রম নবগঠিত অন্তর্বর্তীকালীন পরিষদ পরিচালনা করবে। এ ছাড়া এর আগে ২০২৪ সালের ৭ নভেম্বর প্রজ্ঞাপনের মাধ্যমে গঠিত তিন পার্বত্য জেলা পরিষদের অন্তর্বর্তীকালীন পরিষদ বাতিল করা হয়। নতুন পরিষদগুলো সংশ্লিষ্ট আইন ও সংশোধিত বিধানের অধীনে জেলা পরিষদের দায়িত্ব পালন করবে। নতুন পরিষদে বিভিন্ন ক্ষুদ্র নৃগোষ্ঠী ও বাঙালি সম্প্রদায়ের প্রতিনিধিদের রাখা হয়েছে। তিন জেলা মিলিয়ে মোট ৪৫ জন চেয়ারম্যান ও সদস্য নিয়ে নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠন করা হয়েছে।