চট্টগ্রামের সীতাকুন্ডে জাহাজভাঙা কারখানার দুর্ঘটনায় বিষাক্ত গ্যাসে আক্রান্ত হয়ে গুরুতর আহত আরও এক শ্রমিকের মৃত্যু হয়েছে। নগরীর বেসরকারি ন্যাশনাল হাসপাতালে আইসিইউতে ছয় দিন চিকিৎসাধীন থাকার পর গত বুধবার সন্ধ্যায় ইদ্রিস আলী নামের ওই শ্রমিক মারা যান। এ নিয়ে ওই দুর্ঘটনায় মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১০ জনে। গতকাল বৃহস্পতিবার বিকেলে বিষয়টি নিশ্চিত করেন সীতাকুন্ডের ইউএনও মো. ফখরুল ইসলাম। নিহত ইদ্রিস আলীর বাড়ি জামালপুর জেলায়। আইনি প্রক্রিয়া শেষে বৃহস্পতিবার সকালে তার মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করে গ্রামের বাড়িতে পাঠানো হয়েছে। এর আগে গত ১৪ আগস্ট সকালে ভাটিয়ারি ইউনিয়নের সাগর উপকূলীয় এলাকায় অবস্থিত ‘ফেরদৌস স্টিল শিপ রিসাইক্লিং ইয়ার্ডে’ এই দুর্ঘটনা ঘটে। কারখানাটিতে ‘এমটি রাসি’ নামের একটি পুরনো জাহাজের ব্যালাস্ট ট্যাংক কাটার সময় হঠাৎই প্রাণঘাতী বিষাক্ত গ্যাস ছড়িয়ে পড়ে।