ধানমন্ডি ৩২ ভাঙচুর

ড. ইউনূসসহ ২৭ জনের নামে মামলা খারিজ

রাজধানীর ধানমন্ডির ৩২ নম্বর সড়কে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসসহ ২৭ জনের নামে করা মামলার আবেদন খারিজ করে দিয়েছে আদালত। মামলা গ্রহণের মতো না থাকায় গতকাল বৃহস্পতিবার দুপুরে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল রানা আবেদন খারিজের এ আদেশ দেন। তামান্না চৌধুরী প্রিয়াংকা নামে এক নারী বাদী হয়ে মামলার এ আবেদন করেন। তার পক্ষে ছিলেন আইনজীবী একেএম শরীফ উদ্দিন।

গণঅভ্যুত্থানের মুখে ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন হয়। ২০২৫ সালের ফেব্রুয়ারিতে শেখ হাসিনার পতনের ছয় মাস পূর্তির দিনে ঘোষণা দিয়ে ধানমন্ডির ৩২ নম্বর সড়কে বঙ্গবন্ধুর বাড়ি ভাঙার পাশাপাশি গুঁড়িয়ে দিয়ে আগুন ধরিয়ে দেওয়া হয়।

আর্জিতে আরও যাদের নাম উল্লেখ করা হয় তারা হলেন, সাবেক স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী, সাবেক পরিবেশ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের উপদেষ্টা রিজওয়ানা হাসান, মুহাম্মদ ইউনূসের প্রেস সচিব শফিকুল আলম, সাবেক সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী, সাবেক উপদেষ্টা ও বর্তমানে এনসিপির সংসদ সদস্য নাহিদ ইসলাম, এনসিপির মুখ সমন্বয়ক (উত্তরাঞ্চল) সারজিস আলম, সাবেক উপদেষ্টা আসিফ মাহমুহ সজীব ভূঁইয়া ও মাহফুজ আলম, এনসিপির সংসদ সদস্য আক্তার হোসেন, আব্দুল হান্নান মাসউদ, হাসনাত আব্দুল্লাহ, সামান্থা শারমিন, নুসরাত তাবাসসুম, তাসনিম জারা, নাসীরুদ্দীন পাটওয়ারী, আরিফুল ইসলাম আদিব, সালেহ উদ্দিন সিফাত।