ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিনকে বিদায়ী সংবর্ধনা

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদকে রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে বিদায় জানিয়েছেন বঙ্গভবনের কর্মকর্তা ও কর্মচারীরা। গতকাল বৃহস্পতিবার ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শেষ কর্মদিবস উপলক্ষে বেলা সাড়ে ১১টায় সেনাবাহিনীর প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের (পিজিআর) একটি সুসজ্জিত চৌকস দল তাকে গার্ড অব অনার প্রদান করে। এর আগে তিনি বঙ্গভবনের দর্শনার্থী বইয়ে স্বাক্ষর করেন। এরপর বঙ্গভবনের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।

প্রসঙ্গত, রাষ্ট্রপতির পদ থেকে মোহাম্মদ সাহাবুদ্দিনের পদত্যাগের পর গত ২৪ জুলাই জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। গতকাল দেশের ২৩ তম রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ তিনি বঙ্গভবনে শপথ নেবেন।