ম্যাকাইয়ে দ্বিতীয় টেস্টের আগে বাংলাদেশ শিবিরে বড় আলোচনার কেন্দ্রবিন্দুতে ওপেনার তানজিদ হাসান তামিমের ফিটনেস। ঘাড়ের আড়ষ্টতার কারণে গতকাল (বৃহস্পতিবার) করেননি ব্যাটিং অনুশীলন। তবে আজ নেটে ব্যাট করেছেন। এতে কিছুটা আইডিয়া হলেও ম্যাকাই টেস্টে তানজিদের খেলা নিয়ে এখনও নিশ্চিত নন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। জানালেন, আগামীকাল (শনিবার) পর্যন্ত দেখতে হবে।
ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে তানজিদের বর্তমান অবস্থা নিয়ে শান্ত স্পষ্ট জানান, ‘আইডিয়া তো হয়েছেই। কালকে সকালে আবার দেখব। ভালো আইডিয়া হয়েছে। তামিম আজকে ব্যাট করেছে। মেডিকেল টার্মস অনুযায়ী, কালকে সকাল পর্যন্ত দেখতে হবে।’
তবে তানজিদ শেষ পর্যন্ত একাদশে না খেলতে পারলেও দলের বিকল্প প্রস্তুত রয়েছে বলে জানান অধিনায়ক। এই প্রসঙ্গে শান্ত আরও যোগ করেন, ‘আমাদের হাতে সব ধরনের অপশন আছে। আমার মনে হয় না খুব বেশি সমস্যা হবে (তানজিদ না খেললে)।’
ডারউইনে দ্বিতীয় ইনিংসে শূন্য রানে ফিরলেও আগের ইনিংসে এক অনবদ্য সেঞ্চুরি হাঁকান তানজিদ, যা অস্ট্রেলিয়ার মাটিতে এই ফরম্যাটে কোনো বাংলাদেশি ব্যাটারের এই প্রথম। তাই তো ম্যাকাই টেস্টে তার ফিটনেস ইস্যু কিছুটা শঙ্কাতেই ফেলেছে দলকে। তবে অধিনায়ক শান্ত বিষয়টি নিচ্ছেন খুব স্বাভাবিকভাবেই। দল তাই এখনই নিচ্ছে না কোনো সিদ্ধান্ত। অপেক্ষা করবে ম্যাচের দিনের সকাল পর্যন্ত।
এদিকে আগের দিনে অনুশীলনে আঙুলে চোট পান দলের অভিজ্ঞ ব্যাটার মুশফিকুর রহিম। অনুশীলনের সময় পেসার তাসকিন আহমেদের একটি শর্ট-পিচ ডেলিভারি অতিরিক্ত বাউন্স করে তার হাতে আঘাত হানে। ব্যথায় তাৎক্ষণিকভাবে নেটের উইকেটে বসে পড়লেও প্রাথমিক চিকিৎসা নিয়ে আবারও ব্যাটিং অনুশীলন শুরু করেন এই অভিজ্ঞ ক্রিকেটার। কিছুটা শঙ্কা জাগলেও অনুশীলন শেষে বাংলাদেশ দলের হেড কোচ ফিল সিমন্স জানান, ‘ইনজুরিটি গুরুতর নয় এবং মুশফিক সম্পূর্ণ ফিট থেকেই মাঠে নামার জন্য প্রস্তুত।’ মুশফিককে নিয়ে ইতিবাচক বার্তা দিয়েছেন শান্তও। জানিয়েছেন, ঠিক আছেন তিনি।