উসমানের ফাইফার সত্ত্বেও হেডিংলিতে চালকের আসনে ইংল্যান্ড

হেডিংলি টেস্টের দ্বিতীয় দিন শেষে ম্যাচের নিয়ন্ত্রণ পুরোপুরি নিজেদের হাতে রেখেছে স্বাগতিক ইংল্যান্ড। বৃষ্টির কারণে প্রথম সেশন ভেসে যাওয়ার পরও ব্যাটারদের দৃঢ়তায় প্রথম ইনিংসে বড় সংগ্রহ গড়েছে ইংলিশরা। দিনশেষে ৮ উইকেটে ৩৬৬ রান সংগ্রহ করে তারা বর্তমান লিড নিয়ে গেছে ১৯৫ রানে। জো রুট ও জর্ডান কক্সের অনবদ্য ১৫০ রানের জুটির পর হ্যারি ব্রুকের ৯১ রানের দুর্দান্ত ইনিংসের সুবাদে ম্যাচে শক্ত অবস্থানে রয়েছে স্বাগতিকেরা।

পাকিস্তানের পক্ষে বাঁহাতি স্পিনার আলী উসমান দারুণ বোলিং করে টেস্ট ক্যারিয়ারে নিজের প্রথম পাঁচ উইকেট শিকারের কৃতিত্ব অর্জন করেন। হেডিংলিতে ১৯৭২ সালের পর প্রথম কোনো সফরকারী স্পিনার হিসেবে ফাইফার নেওয়ার গৌরব অর্জন করেন তিনি। তবে দলের সামগ্রিক বোলিং পারফরম্যান্স নিয়ে আক্ষেপ লুকিয়ে রাখেননি এই স্পিনার।

দিনশেষে সংবাদ সম্মেলনে নিজের ও দলের ভুলত্রুটি নিয়ে উসমান বলেন, ‘আমাদের বোলিং মানসম্মত ছিল না, আমিও এর বাইরে নই। আমি পাঁচটি উইকেট পেয়েছি, কিন্তু বোলিং ইউনিট হিসেবে আমরা অনেক রান দিয়ে ফেলেছি। আমরা আমাদের ভুলগুলো নিয়ে কাজ করব এবং তা আর পুনরাবৃত্তি না করার চেষ্টা করব।’

ম্যাচে ব্রুককে বোল্ড করার মুহূর্তটি নিয়ে উসমান জানান, ‘আমি স্টাম্পের ভেতরে বল করার চেষ্টা করছিলাম। একটু জায়গা পেলেই ওরা রান তুলছিল। ড্যান লরেন্স স্পিনের বিপক্ষে কিছুটা সংগ্রাম করছিল, কিন্তু হ্যারি ব্রুক খুব ভালোভাবেই পা ব্যবহার করে, তাই তাকে বল করা কঠিন ছিল। এভাবেই আমি ওই উইকেটটি পেয়েছি।’ 

এখন পর্যন্ত কেউ সেঞ্চুরি না পেলে চার ইংলিশ ব্যাটার করেছেন ফিফটি-পেরোনো ইনিংস।ব্রুক ৯১, জর্ডান কক্স ৭৩, রুট ৬৬ এবং ড্যান লরেন্স ৫১ রান করেন। ম্যাচের এই কঠিন পরিস্থিতি থেকে ঘুরে দাঁড়ানোর পরিকল্পনা নিয়ে উসমান বলেন, ‘ব্যাটিংয়ে আমরা ইনিংস যতদূর সম্ভব টেনে নিয়ে যাওয়ার এবং যতটা সম্ভব রান করার চেষ্টা করব। আমাদের ব্যাটিংয়ের মানসিকতা ইতিবাচক থাকা দরকার। সেশন ধরে ধরে এগোতে হবে।’ 

এর আগে টসে হেরে ব্যাট করতে নেমে দলীয় ব্যাটিং ব্যর্থতায় ১৭১ রানেই গুটিয়ে যায় পাকিস্তান। হেডিংলি টেস্টের প্রথম দিনটি ইংল্যান্ডের দুই পেসার ওলি রবিনসন এবং জশ টংয়ের জন্য ছিল যেন স্বপ্নপূরণের মতো। দুজনেই সমান ৫টি করে উইকেট নেন এবং তার স্মারক হিসেবে বলটি দুজেনেই কেটে ভাগ করে নেন।