অস্ট্রেলিয়াকে বিদায় বলে রোনালদোর দেশে সেঞ্চুরি হেনরিকসের

অস্ট্রেলিয়া ক্রিকেটকে বিদায় বলার মাত্র এক মাস পরেই নতুন পরিচয়ে লাইমলাইটে চলে এলেন মইসেস হেনরিকস। ক্রিশ্চিয়ানো রোনালদোর দেশ পর্তুগালের হয়ে প্রতিনিধিত্ব করতে নেমে টি-টোয়েন্টি ক্রিকেটে দুর্দান্ত এক সেঞ্চুরি তুলে নিয়েছেন এই অভিজ্ঞ অলরাউন্ডার।

ফিনল্যান্ডে চলমান আইসিসি মেনস টি-টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ ইউরোপ সাব-রিজিওনাল কোয়ালিফায়ার ‘সি’তে চেকিয়ার বিপক্ষে মাত্র ৫১ বলে ১১১ রানের এক ঝলমলে ইনিংস খেলেন ৩৯ বছর বয়সী এই তারকা।

হেনরিকসের এই ঝোড়ো সেঞ্চুরির সুবাদে প্রথমে ব্যাট করে ৬ উইকেটে ২১১ রান সংগ্রহ করে পর্তুগাল। জবাবে ব্যাট করতে নেমে চেকিয়া ৮.৫ ওভারে ৫ উইকেটে মাত্র ২৪ রান তুললে বৃষ্টি হানা দেয়। পরবর্তীতে বৃষ্টি আর না কমায় ডিএলএস পদ্ধতিতে ৯১ রানের বড় জয় পায় পর্তুগাল। এই জয়ে ইউরোপীয় অঞ্চলের বাছাইপর্বে পর্তুগালের বিশ্বকাপ খেলার স্বপ্নও বেশ জোরালো হয়েছে।

পুরো বিশ্ব ক্রীড়াঙ্গনে পর্তুগাল বলতে সবাই যখন রোনালদোদের ফুটবলকেই চেনে সেখানে হেনরিকসের জন্য পর্তুগাল নামটা নতুন কিছু না। কারণ এটিই তার জন্মভূমি। মাদেইরাতে জন্ম নেওয়া এই সাবেক অজি তারকা ছোটবেলায় পরিবারের সঙ্গে অস্ট্রেলিয়ায় পাড়ি জমানোর সুবাদে এতদিন দেশটির হয়েই ক্রিকেট খেলেছেন। অজিদের হয়ে ৪ টেস্ট, ১৬ ওয়ানডে ও ২৪ টি-টোয়েন্টিসহ মোট ৪৪টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন তিনি। তবে গত মাসে অস্ট্রেলিয়ার ঘরোয়া ক্রিকেট থেকে অবসরের পর আন্তর্জাতিক ক্যারিয়ারের মোড় ঘুরিয়ে জন্মভূমি পর্তুগালের হয়ে খেলার সিদ্ধান্ত নেন।

পর্তুগালের অধিনায়ক হিসেবে দায়িত্ব নেওয়ার পর এই টুর্নামেন্টে এখন পর্যন্ত তিন ম্যাচে ব্যাট করে ১৭৮ রান নিয়ে তিনিই টুর্নামেন্টের শীর্ষ রানসংগ্রাহক। এর আগে ইসরায়েলের বিপক্ষে অভিষেক ম্যাচে অপরাজিত ৬৬ রান করে তিনি পঞ্চম ক্রিকেটার হিসেবে দুটি ভিন্ন দেশের হয়ে টি-টোয়েন্টিতে ৫০ বা তার বেশি রান করার বিরল রেকর্ড গড়েছিলেন। পর্তুগালের পরবর্তী লক্ষ্য এখন আরও বড়। ‘এ’ গ্রুপের সেরা দল স্পেনের মুখোমুখি হবে তারা, যেখানে বিজয়ী দল সরাসরি জায়গা করে নেবে ইউরোপীয় আঞ্চলিক ফাইনালে।