ম্যানচেস্টার সিটি থেকে ব্রাজিলিয়ান উইঙ্গার সাভিনহোকে দলে ভেড়াতে সমঝোতায় পৌঁছেছে টটেনহ্যাম হটস্পার। সূত্র মতে, প্রাথমিক ট্রান্সফার ফি হিসেবে ৭ কোটি ৫০ লাখ পাউন্ড বা ১ হাজার ২৫০ কোটি টাকারও বেশি খরচ করছে স্পারসরা, যার সাথে পারফরম্যান্স ভিত্তিক আরও ১০ মিলিয়ন পাউন্ডের অ্যাড-অন যুক্ত রয়েছে।
দীর্ঘ ১২ মাসের প্রচেষ্টার পর অবশেষে ২২ বছর বয়সী এই ফরোয়ার্ডকে উত্তর লন্ডনে নিয়ে আসতে সফল হলো টটেনহ্যাম।
গত গ্রীষ্মের দলবদলে তাকে পেতে ব্যর্থ হলেও এবার সফল হলো ক্লাবটি। পেপ গার্দিওলার অধীনে সিটিতে গত মৌসুমে পর্যাপ্ত খেলার সুযোগ পাননি সাভিনহো। ২০২৫-২৬ মৌসুমে সিটিজেনদের হয়ে ২৪ ম্যাচ খেললেও কেবলমাত্র ৭টি ম্যাচে মূল একাদশে খেলার সুযোগ পেয়েছিলেন। মেডিকেল সম্পন্ন করার পর তিনি টটেনহ্যামের সাথে একটি দীর্ঘমেয়াদী চুক্তিতে স্বাক্ষর করবেন।
এবারের গ্রীষ্মকালীন দলবদলে নিজেদের আক্রমণভাগ শক্তিশালী করার দিকে সর্বোচ্চ নজর দিয়েছেন টটেনহ্যামের প্রধান কোচ রবার্তো ডি জেরবি। এর আগে ওয়েস্ট হ্যাম থেকে মিডফিল্ডার মাথেউস ফার্নান্দেজ এবং নিউক্যাসল থেকে সান্দ্রো টোনালিকে দলে ভেড়াতে মোট ১৮৫ মিলিয়ন পাউন্ড খরচ করেছে ক্লাবটি। সাভিনহোর অন্তর্ভুক্তি টটেনহ্যামের এই গ্রীষ্মের মোট খরচকে ৩০০ মিলিয়ন পাউন্ডের ঘর ছাড়িয়ে নিয়ে গেছে। অবশ্য ক্রিস্টিয়ান রোমেরো, জেড স্পেন্স এবং লুকা ভুসকোভিচকে বিক্রি করে প্রায় ১৪০ মিলিয়ন পাউন্ড ঘরে তুলেছে ক্লাবটি।
তবে দলবদলের বাজারে এখানেই থামা হচ্ছে না উত্তর লন্ডনের দলটির। সিটিতে সাভিনহোরর সতীর্থ ওমর মাউমুশকে দলে টানার আলোচনাও বেশ ইতিবাচকভাবে এগিয়ে চলেছে। এছাড়া লিভারপুলের ডাচ ফরোয়ার্ড কোডি গাকপোকে নিয়েও আগ্রহ বজায় রেখেছে স্পারসরা। আগামী শনিবার প্রিমিয়ার লিগের উদ্বোধনী ম্যাচে ব্রেন্টফোর্ডের মুখোমুখি হবে টটেনহ্যাম।
২০১৭ সিরিজের কথা মনে করিয়ে দিলেন কামিন্স