নেত্রকোনার আটপাড়া হাওরে গরুর জন্য কচুরিপানা কাটতে গিয়ে বজ্রপাতে নাইম মিয়া (১৬) নামের কিশোরের মৃত্যু হয়েছে।
শুক্রবার (২১ আগস্ট) দুপুরে উপজেলার লুনেশ্বর ইউনিয়নের মল্লিকনগর হাওরে বজ্রপাতের এই ঘটনা ঘটে। নিহত নাঈম মল্লিকনগর গ্রামের আলামিন মিয়ার ছেলে। এছাড়াও চলতি বছর স্থানীয় একটি উচ্চ বিদ্যালয় থেকে এইচএসসি পরীক্ষায় অংশ নিয়েছিল নাঈম।
পুলিশ জানায়, সকালে বাড়ির সামনের হাওরে গরুর জন্য কচুরিপানা কাটতে যায় কিশোর নাইম। এদিকে সকাল থেকে গুড়ি গুড়ি বৃষ্টির সাথে বজ্রপাত শুরু হয়। পরে এক পর্যায়ে পানিতে থাকা অবস্থায় বজ্রপাতে নাইম ঘটনাস্থলেই মারা যায়। স্থানীয়রা কচুরিপানায় পড়ে থাকা নাইমকে দেখে স্বজনদের খবর দেয়। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
আটপাড়া থানার পরিদর্শক (তদন্ত) প্রদীপ কুমার চক্রবর্তী জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। পরে আইনি প্রক্রিয়া সম্পন্ন করে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।