রায়গঞ্জে ট্রাক ও কাভার্ডভ্যানের সংঘর্ষে চালক নিহত

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ভূইয়াগাতি এলাকার এস এন্ড বি ইটভাটার সামনে বগুড়া-হাটিকুমরুল মহাসড়কে শুক্রবার (২১ আগস্ট)  সকাল সাড়ে ৭ টার দিকে বালুবাহী ডাম্প ট্রাক ও কাভার্ডভ্যানের সংঘর্ষে কাভার্ডভ্যানের চালক শরিফুল ইসলাম (৪৩) নিহত হয়েছে। এই দুর্ঘটনায় হেলপার রায়হান (২২) আহত হয়েছে।

নিহত শরিফুল ইসলাম যশোরের বেনাপোল উপজেলার বারোপোতা গ্রামের রজব আলীর ছেলে ও আহত রায়হানের বাড়ি ময়মনসিংহে।

স্থানীয়রা জানায়, এদিন সকাল সাড়ে ৭টার দিকে একটি বালুবাহী ডাম্প ট্রাকের সাথে কাভার্ডভ্যানের সংঘর্ষ হয়। এ সময় কাভার্ডভ্যানটি হেলপার রায়হান চালাচ্ছিলেন এবং চালক ঘুমিয়ে ছিলেন। হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে দ্রুতগতির ডাম্প ট্রাকটির পিছনে এসে সামনে থাকা কাভার্ডভ্যানটির সজোরে ধাক্কা লাগে। এতে কাভার্ডভ্যানটির সামনের অংশ দুমরেমুচরে যায়। এতে কাভার্ডভ্যানে ঘুমিয়ে থাকা চালক শরিফুল ইসলাম ও হেলপার রায়হান গুরুতর আহত হয়। 

দুর্ঘটনার খবর পেয়ে হাটিকুমরুল হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে দ্রুত সিরাজগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শরিফুল ইসলাম মারা যায়। আহত রায়হান বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন।

এ বিষয়ে হাটিকুমরুল হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) ইসমাইল হোসেন জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। সেখানে একজনের মৃত্যু হয়েছে। দুর্ঘটনার বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এ দুর্ঘটনার পর ঘটনাস্থলে ব্যাপক যানজটের সৃষ্টি হয়। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। দুর্ঘটনার প্রকৃত কারণ খতিয়ে দেখা হচ্ছে বলে পুলিশ  জানিয়েছে।