সন্দ্বীপে ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার 

চট্টগ্রামের সন্দ্বীপে মাদকবিরোধী বিশেষ অভিযানে ২৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (২১ আগস্ট) উপজেলার গাছুয়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের কুয়েত সিটি মার্কেটের দক্ষিণ পাশে পাকা সড়কে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন— গাছুয়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মো. মাহিন (১৯) ও মো. কামরুল (২৩)।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সন্দ্বীপ থানার এসআই (নি.) মো. রেজাউল করিম সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান পরিচালনা করেন। এ সময় তাদের কাছ থেকে ২৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। 

পুলিশ সূত্রে জানা গেছে, চট্টগ্রাম জেলার পুলিশ সুপার মো. মাসুদ আলম, পিপিএমের দিকনির্দেশনায় এবং হাটহাজারী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ও অতিরিক্ত দায়িত্বে সীতাকুণ্ড সার্কেলের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা কাজী তারেক আজিজের তত্ত্বাবধানে এ অভিযান পরিচালিত হয়। এতে সন্দ্বীপ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুজন হালদার সার্বিক সহযোগিতা করেন।

পুলিশের দাবি, গ্রেপ্তার দুই যুবক মাদক ব্যবসার সঙ্গে জড়িত। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। পরে গ্রেপ্তার দুজনকে যথাযথ পুলিশি পাহারায় আদালতে পাঠানো হয়।