রাজধানীর বসুন্ধরা ১০০ফিট এলাকায় প্রাইভেটকারের ধাক্কায় মোটরসাইকেল চালক সাজ্জাদ হোসেন রাতুল (৩২) নামে এক যুবক নিহত হয়েছেন।
শুক্রবার (২১ আগস্ট) সকাল ১০টার দিকে এই দুর্ঘটনা ঘটে। মুমূর্ষু অবস্থায় স্বজনরা তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভগে নিয়ে আসলে চিকিৎসক বেলা সোয়া ৩টার দিকে মৃত ঘোষণা করেন।
হাসপাতালে মৃত রাতুলের বোন শম্পা আক্তার জানান, মহাখালী মধ্যপাড়া এলাকায় তাদের নিজেদের বাড়ি। রাতুল স্ত্রীকে নিয়ে বাড্ডা বেড়াইদ এলাকায় থাকতেন। যমুনা ফিউচার পার্কে একটি কাপড়ের দোকানে কাজ করতেন তিনি।
তিনি আরও জানান, সকালে বাসা থেকে মোটরসাইকেল নিয়ে দোকানে যাচ্ছিলেন। বসুন্ধরা ১০০ফিট এলাকায় একটি প্রাইভেটকারের ধাক্কায় গুরুতর আহত হয়। এরপর পথচারীরা তাকে উদ্ধার করে প্রথমে ইউনাইডেট হাসপাতালে নিয়ে যায়। খবর পেয়ে সেখান থেকে পঙ্গু হাসপাতালে নিয়ে যাওয়া হয়ে। সেখান থেকে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে মৃত ঘোষণা করেন। প্রাইভেটকার ও এর চালক পুলিশ হেফাজতে আছে।
ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক জানান, মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি ভাটারা থানা পুলিশ তদন্ত করছে।