মুরাদনগরে মাদক ডিলার মাসুম ও তার স্ত্রীসহ গ্রেপ্তার ৩

কুমিল্লার মুরাদনগর উপজেলার কুখ্যাত মাদক ডিলার একাধিক মাদক মামলার আসামি মাসুম তার স্ত্রীসহ ৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মাসুম দীর্ঘদিন ধরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ফাঁকি দিয়ে সে নিজ এলাকায় মাদকের সাম্রাজ্য চালিয়ে আসছিল বলে অভিযোগ রয়েছে। 

বৃহস্পতিবার (২০ আগস্ট) রাতে উপজেলার জাহাঁপুর ইউনিয়নের বাখরাবাদ বাজার এলাকার কবির মিয়ার (সাইফুলেন্নেছা) মার্কেটে মাসুম এর এনজিও অফিসের ভিতরে অভিযান চালিয়ে ৩ জনকে গ্রেপ্তার করা হয়। অভিযানকালে পুলিশ সদস্যদের ওপর হামলা, সরকারি কাজে বাঁধা ও জখম করার অভিযোগে থানায় পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলেন— গাংগাটিয়া গ্রামের হাজী মো. কবির সওদাগরের ছেলে আব্দুল্লাহ আল মাসুম (৩০) ও তার স্ত্রী মীম আক্তার(২৪) এবং ছয়ফুল্লাকান্দি গ্রামের মৃত আব্দুল গফুর মাষ্টারের ছেলে সাইফুল আলীম (৫৫)। 

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মুরাদনগর থানার (ওসি) মোহাম্মদ আনোয়ার হোসেন চৌধুরীর নির্দেশনায় এসআই মো. মহিন উদ্দিন এর নেতৃত্বে এসআই রাজু বড়ুয়া, এএসআই মহসিন আলম, এএসআই নুর মোহাম্মদ, এএসআই কুসুম বড়ুয়াসহ সঙ্গীয় ফোর্স বাখরাবাদ বাজার সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে মাসুমকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকালে অপর ২ আসামিসহ অজ্ঞাতনামা আসামিরা পুলিশের ওপর হামলা, সরকারি কাজে বাঁধা প্রদান ও পুলিশকে জখম করে।

স্থানীয়রা জানান, মাসুম দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসার মূল হোতা হিসেবে পরিচিত ছিল এবং তার এই অবৈধ ব্যবসায় তার স্ত্রীসহ আরো অনেকে সক্রিয়ভাবে সহযোগিতা করতেন। তাদের গ্রেপ্তারে এলাকাবাসী স্বস্তি প্রকাশ করেছে এবং পুলিশ প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছে।

মুরাদনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আনোয়ার হোসেন চৌধুরী জানায়, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে একটি মাদক মামলা ও একটি পুলিশ অ্যাসল্ট মামলা রুজু করা হয়েছে। মাসুমের বিরুদ্ধে পূর্বের মাদকসহ ছয়টি মামলা রয়েছে। আজ শুক্রবার (২১ আগস্ট) দুপুরে আসামিদেরকে কুমিল্লা বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে। এলাকাকে মাদকমুক্ত করতে এ ধরনের ঝটিকা অভিযান আগামীতেও অব্যাহত থাকবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ওসি।