এইচএসসির ফল প্রকাশের তারিখ নিয়ে যা জানা গেল

আগামী নভেম্বর মাসের মাঝামাঝি সময়ে এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ করা হতে পারে বলে জানিয়েছেন বাংলাদেশ আন্ত শিক্ষা সমন্বয় বোর্ড সভাপতি ও ঢাকা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক আক্তারুজ্জামান।

শুক্রবার (২১ আগস্ট) গণমাধ্যমকে তিনি এ তথ্য জানান।

অধ্যাপক আক্তারুজ্জামান বলেন, ইতোমধ্যে আটটি সাধারণ শিক্ষা বোর্ডের পরীক্ষা শেষ হয়েছে। আর চট্টগ্রাম বোর্ডের পরীক্ষা শেষ হবে আগামী ৯ সেপ্টেম্বর। আগামী নভেম্বরের মাঝামাঝি সময়ের মধ্যে ফল প্রকাশ করার পরিকল্পনা রয়েছে। শিক্ষা বোর্ডগুলো এ পরিকল্পনা অনুযায়ী কাজ করছে।

বোর্ড সূত্রে জানা যায়, গত ২ জুলাই চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষা শুরু হয়। ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ জন শিক্ষার্থী পরীক্ষা দিতে ফরম পূরণ করেছে। এবার সব শিক্ষা বোর্ডে অভিন্ন প্রশ্নে পরীক্ষা হয়েছে। আটটি সাধারণ শিক্ষা বোর্ডের এইচএসসি ও সমমানের তত্ত্বীয় পরীক্ষা গত ৮ আগস্ট শেষ হয়েছে।