নির্বাচনের পর খুনের রেশ একই, চাঁদাবাজি বেড়েছে কয়েকগুণ: সাদ্দাম

বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি নূরুল ইসলাম সাদ্দাম বলেছেন, বিএনপি বলেছিল নির্বাচন হলে দেশের সব সমস্যা সমাধান হয়ে যাবে। কিন্তু নির্বাচনের পরও দেশের পরিস্থিতির তেমন কোনো পরিবর্তন হয়নি। বরং খুনের রেশ একই আছে, চাঁদাবাজি কয়েকগুণ বেড়েছে এবং বিভিন্ন দপ্তরে সিন্ডিকেট আরও শক্তিশালী হয়েছে।

শুক্রবার (২১ আগস্ট) দুপুর ২টার দিকে জামালপুর শহরের লুইস ভিলেজে জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নবীনবরণ অনুষ্ঠানে যোগ দেন তিনি। ইসলামী ছাত্রশিবির আয়োজিত এ অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

নূরুল ইসলাম সাদ্দাম বলেন, বিএনপি বলেছিল নির্বাচন দিলে সব সমস্যা সমাধান হয়ে যাবে। কিন্তু নির্বাচনের পরে আমরা দেখেছি, খুনের যে রেশ ছিল, সেটি একই রকম আছে। চাঁদাবাজি তো লাফ দিয়ে কয়েকগুণ বেড়ে গেছে। সিন্ডিকেটও বৃদ্ধি পেয়েছে।

তিনি বলেন, প্রতিটি দপ্তরে অযোগ্য লোক বসানো হয়েছে। এই অযোগ্য লোক দিয়ে বিএনপি যোগ্যতার মূল্যায়ন করছে না। বিএনপি যখন সিন্ডিকেট বন্ধ করতে পারে না, দুর্নীতি বন্ধ করতে পারে না, ঘুষ বন্ধ করতে পারে না, তখন স্বাভাবিকভাবেই এসব অনিয়ম মাত্রা ছাড়িয়ে যাবে।

গ্যাস সংকট প্রসঙ্গে শিবিরের কেন্দ্রীয় সভাপতি বলেন, গ্যাসের সংকটটাও এর ব্যতিক্রম নয়। আমরা সরকারের সদিচ্ছার অভাব দেখছি। বিরোধী দল যখন এই সংকট নিরসনে পরামর্শ দিচ্ছে, তখন দেখা যাচ্ছে বিরোধী দলকে তুচ্ছ-তাচ্ছিল্য করা হচ্ছে।

তিনি আরও বলেন, সরকার যদি এভাবে চলতে থাকে এবং জনগণকে দেওয়া কথা বাস্তবায়ন করতে না পারে, তাহলে এর মধ্য দিয়েই হয়তো সরকারের পতন হবে। আমরা সরকারের কাছে অনুরোধ করব, এসব সমস্যা দ্রুত পদক্ষেপ নিয়ে সমাধান করতে। জাতীয় স্বার্থে বিরোধী দল ও সরকার দল যেন পারস্পরিক সহযোগিতা করে।

এর আগে অনুষ্ঠিত নবীনবরণ ও ক্যারিয়ার গাইডলাইন অনুষ্ঠানে জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রায় দুই শতাধিক নবীন শিক্ষার্থী অংশ নেন। অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। পাশাপাশি তাদের হাতে উপহার হিসেবে পবিত্র কোরআন শরিফ, কলেজ ব্যাগ, কলমদানি, চাবির রিং, কলম, ইসলামিক বই ও দোয়ার স্টিকার তুলে দেওয়া হয়।

জাবিপ্রবি ছাত্র শিবিরের সভাপতি হাফেজ মো. মামুনুর রশীদের সভাপতিত্বে এবং সেক্রেটারি ফাহাদ আহমদের সঞ্চালনায় অনুষ্ঠানে সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, শিক্ষার্থী ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।