গাজীপুরের কালিয়াকৈরে নিজের বাড়িতে ঢুকে নৃশংসভাবে এলোপাথারি ছুরিকাঘাত করে পালালো দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (২০ আগস্ট) রাতে উপজেলার শ্রীফলতলী এলাকায় এ নৃশংস ঘটনা ঘটে।
আহত নারী হলেন— কালিয়াকৈর উপজেলার শ্রীফলতলী এলাকার মৃত শমসের আলীর মেয়ে শাহনাজ আক্তার (৪৬)।
এলাকাবাসী, আহতের স্বজন ও পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাত ৮টার দিকে কালিয়াকৈর উপজেলার শ্রীফলতলী এলাকার শাহনাজের বাড়িতে ঢুকে এক পুরুষ ও এক নারী দুর্বৃত্ত। এসময় তার সঙ্গে ওই দুই দুর্বৃত্তের কথা কাটাকাটি শুনতে পান এলাকাবাসী। কিছু বুঝে উঠার আগেই কথা কাটাকাটির এক পর্যায়ে দুর্বৃত্তরা তার গলা, পেট ও শরীরের বিভিন্ন স্থানে এলোপাথারি ছুরিকাঘাত করে। এসময় তার ডাক-চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসার আগেই দুর্বৃত্তরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে রক্তাক্ত অবস্থায় শাহনাজ উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান এলাকাবাসী। সেখানে তার অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য রেফার্ড করেন। পরে আশঙ্কাজনক অবস্থায় উন্নত চিকিৎসার জন্য টাঙ্গাইলের মির্জাপুরে কুমুদিনী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান স্বজনরা। বর্তমানে তিনি ওই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এদিকে ওই নারীর উপর এই নৃশংস হামলার ঘটনায় এলাকায় আতঙ্ক ও ক্ষোভ বিরাজ করছে। তবে অতিদ্রুত হামলাকারী দুর্বৃত্তদের গ্রেপ্তার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন স্বজনসহ এলাকাবাসী।
এব্যাপারে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. মজিবুল ইসলাম জানান, আহত নারীর পেট, গলাসহ শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। এখানে তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে রেফার্ড করা হয়েছে।
কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সহিদুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করে এ ঘটনায় জড়িতদের শনাক্ত করে তাদের গ্রেপ্তার করা হবে। তবে এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।