গাজীপুরের কালিয়াকৈরের ৫ বছরের শিশু মুসা হত্যার দায়ে মহির উদ্দিন ওরফে মহর (৪১) নামের এক ব্যক্তিকে মৃত্যুদণ্ড এবং ১০ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন আদালত।
সোমবার (১৭ আগষ্ট( দুপুরে গাজীপুর আদালতের অতিরিক্ত দায়রা জজ ৪র্থ আদালতের বিচারক আলমগীর আল মামুন এই রায় ঘোষণা করেন।
রায় ঘোষণার সময় দণ্ডপ্রাপ্ত আসামিকে জেল হাজত থেকে আদালতে হাজির করা হয়। দণ্ডপ্রাপ্ত মহির উদ্দিন কুড়িগ্রাম জেলার রৌমারী উপজেলার বাসিন্দা।
আদালত ও মামলা সূত্রে জানা যায়, ২০২৩ সালের ২৬ জুন কালিয়াকৈর পৌরসভার কালামপুর উত্তরপাড়া এলাকা থেকে নিখোঁজ হয় ৫ বছরের শিশু মুসা আহাম্মেদ রাফি। নিখোঁজের পর এক প্রতিবেশীর বাড়ি বাউন্ডারি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। সুরতহাল প্রতিবেদনে শিশুটির গলায় ও মাথায় গুরুতর আঘাতের চিহ্ন পাওয়া যায়।
এই ঘটনায় শিশুটির বাবা মো. শামীম মীর বাদী হয়ে কালিয়াকৈর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার তদন্ত শেষে পুলিশ একমাত্র আসামি মহির উদ্দিন বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করে। পরবর্তীতে দীর্ঘ বিচারিক প্রক্রিয়া ও সাক্ষ্য-প্রমাণ পর্যালোচনা করে আসামির বিরুদ্ধে আনীত দণ্ডবিধির ৩০২ ধারার অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত তাকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকরের এই আদেশ দেন।
গাজীপুর আদালতের ইনস্পেক্টর আব্দুল মান্নান বলেন, আজ সোমবার অতিরিক্ত দায়রা জজ আদালতের বিচারক আলমগীর আল-মামুন একটি রায় দিয়েছেন। সেখানে শিশু হত্যার দায়ে একজনকে মৃত্যুদন্ডের রায় দেওয়া হয়েছে।