নিজের অভিনয়গুণ ও স্বতন্ত্র উপস্থিতি দিয়ে ছোট পর্দার দর্শকের মনে আলাদা এক অবস্থান তৈরি করে নিয়েছেন তরুণ মডেল-অভিনেত্রী কেয়া পায়েল। রোমান্টিক গল্প থেকে শুরু করে আবেগঘন কিংবা ভিন্নধর্মী চরিত্র বিভিন্ন ধরনের কাজে নিজেকে মেলে ধরার চেষ্টা করছেন তিনি। অভিনয়ের পাশাপাশি চরিত্রের বৈচিত্র্যকেও গুরুত্ব দিচ্ছেন কেয়া। অভিনয় করেন সময়ের আলোচিত নায়কদের বিপরীতে। ফলে নতুন কোনো নাটকে তার উপস্থিতি মানেই দর্শকের আগ্রহ তৈরি হওয়া।
সেই ধারাবাহিকতায় এবারও মুশফিক আর ফারহানের সঙ্গে জুটি বেঁধে তিনটি নতুন নাটকে হাজির হচ্ছেন কেয়া পায়েল। ইতিমধ্যে নাটকগুলোর পোস্টার প্রকাশ হয়েছে। আর তাতে ভিন্নরূপে দেখা দিয়েছেন অভিনেত্রী। রায়হান মাহবুবের নির্মাণে ‘ফেরার অপেক্ষায়’ নাটকে দেখা যাবে কেয়া পায়েল ও মুশফিক আর ফারহানকে। পোস্টারে দুজনের ঘনিষ্ঠ মুহূর্ত গল্পে ভালোবাসা ও অপেক্ষার আবেগের ইঙ্গিত দিচ্ছে। নামের মধ্যেও রয়েছে ফিরে আসার প্রত্যাশা ও সম্পর্কের টানাপড়েনের আভাস। ফলে নাটকটি ঘিরে দর্শকদের আগ্রহ তৈরি হয়েছে।
একই নির্মাতার আরেক নাটক ‘ইচ্ছে ডানা’। এখানেও জুটি হিসেবে থাকছেন কেয়া পায়েল ও মুশফিক আর ফারহান। রাতের নরম আলো, হাতে কুপি আর দুজনের আন্তরিক মুহূর্ত নাটকের পোস্টারেই ফুটে উঠেছে এক মায়াবী আবহ। ভালোবাসা ও অনুভূতির গল্পে এই জুটির রসায়ন কেমন হয় সেটিই এখন দেখার অপেক্ষা।
অন্যদিকে ‘উইথ লাভ’ নাটকেও মুশফিক আর ফারহানের সঙ্গে জুটি বেঁধেছেন কেয়া পায়েল। বিয়ের সাজে দুজনের উপস্থিতি এবং রোমান্টিক আবহের পোস্টার ইতিমধ্যেই নজর কেড়েছে। তিন নাটকেই গল্প ও আবহ আলাদা হলেও কেয়া পায়েলের সঙ্গে মুশফিক আর ফারহানের রসায়নই থাকছে অন্যতম আকর্ষণ।
একই অভিনেতার সঙ্গে পরপর তিনটি নাটকে কাজ করে ব্যস্ত সময় পার করছেন কেয়া পায়েল। এর আগেও ফারহানের সঙ্গে একাধিক নাটকে কাজ করেছেন কেয়া পায়েল। রোমান্টিক গল্পে তাদের রসায়ন যেমন নজর কেড়েছে, তেমনই ভিন্ন আবহের গল্পেও নিজেদের মানিয়ে নিয়েছেন দুজন। এখন নতুন তিন গল্পে তার অভিনয়ের ভিন্নতা দর্শকদের কতটা মুগ্ধ করে, এখন সেটিই দেখার অপেক্ষা।