দুবার অস্কার মনোনীত হলিউড তারকা নাওমি ওয়াটসকে এবার ‘গোল্ডেন আই’ সম্মানে ভূষিত করতে যাচ্ছে জুরিখ চলচ্চিত্র উৎসব। আগামী ১০ সেপ্টেম্বর সিনেমাটি মুক্তি পাওয়ার কথা রয়েছে নাওমি অভিনীত বেন শিরিনিয়ান পরিচালিত সিনেমা ‘দ্য হাউজওয়াইফ’। তবে তার আগেই চলচ্চিত্রে অসাধারণ অভিনয়ের স্বীকৃতিস্বরূপ তিনি এ পুরস্কার পাচ্ছেন। আগামী ২৬ সেপ্টেম্বর পুরস্কার গ্রহণ করবেন নাওমি। এদিন তিনি জেডএফএফ মাস্টার্স সেশনে নিজের অভিনয় জীবন নিয়েও কথা বলবেন। বিষয়টি নিয়ে বেশ উচ্ছ্বসিত এ অভিনেত্রী।
‘দ্য হাউজওয়াইফ’ চলচ্চিত্রের মূল প্রেক্ষাপট ষাট দশকের সত্য ঘটনার ওপর ভিত্তি করে নির্মিত এই মনস্তাত্ত্বিক ড্রামাটিতে তাই শেরিডান অভিনয় করেছেন ‘নিউ ইয়র্ক টাইমস’-এর একজন তরুণ সাংবাদিকের ভূমিকায়। সে কুইন্সে আত্মগোপন করে থাকা একজন সাবেক ফ্যাসিস্ট কর্মকর্তাকে চিহ্নিত করার চেষ্টা করে। তবে তদন্ত চলাকালে সাংবাদিকটি যখন সেই সন্দেহভাজন ব্যক্তির রহস্যময় ও মার্জিত স্ত্রীর (নাওমি ওয়াটস) সঙ্গে বন্ধুত্ব গড়ে তোলে, তখন পুরো ঘটনার মোড় এক জটিল এবং উদ্বেগজনক পরিস্থিতির দিকে মোড় নেয়।
সম্মাননা প্রাপ্তি প্রসঙ্গে নাওমি বলেন, ‘জুরিখ ফিল্ম ফেস্টিভ্যালে গোল্ডেন আই অ্যাওয়ার্ড পেয়ে আমি অত্যন্ত সম্মানিত বোধ করছি। এত গুণী শিল্পীদের সঙ্গে একই আয়োজনে উপস্থিত হয়ে এ পুরস্কার গ্রহণের জন্য আমি অধীর আগ্রহে অপেক্ষা করছি। এ সিনেমায় আমার অভিনয়কে সম্মানিত করার জন্য চলচ্চিত্র উৎসব কর্র্তৃপক্ষকে ধন্যবাদ।’
উৎসবের প্রধান নির্বাহী কর্মকর্তা ক্রিশ্চিয়ান ইয়ুংগেন বলেন, ‘ডেভিড লিঞ্চের মুলহল্যান্ড ড্রাইভ-এ অভিনয়ের মাধ্যমে খ্যাতি পাওয়ার পর থেকেই নাওমি ওয়াটস আমাদের সময়ের অন্যতম আকর্ষণীয় অভিনেত্রী। তার সেরা অভিনয়গুলোয় গ্ল্যামার ও অন্ধকারের মধ্যকার টানাপড়েন, একটি চরিত্র যা প্রকাশ করে এবং যা গোপন রাখে এ দুইয়ের দ্বন্দ্ব ফুটে ওঠে। এ কারণেই তিনি এমন এক চরিত্রাভিনেত্রী, যাকে হিচককও নিশ্চয়ই পছন্দ করতেন।’