খাঁটি চামড়ার নিশ্চয়তা নাইমা লেদারে

অনলাইন কেনাকাটার যুগে খাঁটি চামড়ার পণ্য চেনা এবং বিশ্বাস করা ক্রেতাদের জন্য বরাবরই এক বড় চ্যালেঞ্জ। নকল পণ্যের ভিড়ে সেই অবিশ্বাসের দেয়াল ভেঙে স্বচ্ছতা ও শতভাগ কাস্টমাইজড সেবার মাধ্যমে মানুষের আস্থা অর্জন করেছেন তরুণ কারিগর ও উদ্যোক্তা মো. নুরুল হক। চামড়াশিল্পের ঐতিহ্যে ঘেরা ঢাকার হাজারীবাগে গড়ে তোলা তার প্রতিষ্ঠান ‘নাইমা লেদার’ আজ শুধু দেশের তরুণদের কাছেই নয়, বরং প্রবাসী ও ভিনদেশি ক্রেতাদের কাছেও খাঁটি চামড়ার জ্যাকেট ও লেদার পণ্যের এক বিশ্বস্ত ঠিকানা।

নুরুল হকের উদ্যোগের সবচেয়ে বড় শক্তি হলো সোশ্যাল মিডিয়ায় তার কাজের সরাসরি প্রদর্শন। সাধারণত অনেকেই ভিডিও দেখে চামড়ার পণ্য নিয়ে দ্বিধায় থাকেন। কিন্তু নুরুল হক ভিডিওর মাধ্যমে চামড়ার কোয়ালিটি দেখানো থেকে শুরু করে নিজের হাতে কাটিং করা, সেলাই এবং ক্রেতার হাতে ডেলিভারি দেওয়ার পুরো প্রক্রিয়াটি তুলে ধরেন। তার এই শতভাগ স্বচ্ছতাই ক্রেতাদের আস্থা অর্জনের মূল চাবিকাঠি।

হাজারীবাগের নাইমা লেদারে কোনো পণ্য আগে থেকে রেডিমেড বানিয়ে রাখা হয় না; এখানে প্রতিটি কাজই কাস্টমাইজড। ক্রেতা তার পছন্দের যেকোনো ছবি নিয়ে আসলেই হুবহু সেই আদলে জ্যাকেট বা পোশাক তৈরি করে দেওয়া হয়। তা শাকিব খানের স্টাইলিশ লুক হোক কিংবা শাহরুখ খান ও সালমান খানের কোনো আইকনিক জ্যাকেট ডিজাইন ক্রেতার রুচি ও ফিটিংস অনুযায়ী ৩ থেকে ৭ দিনের মধ্যে নিখুঁতভাবে পণ্যটি তৈরি করা হয়। বাইকারদের জন্য সুরক্ষামূলক প্যাডিং জ্যাকেট, সাধারণ ব্যবহারের প্লেইন জ্যাকেট, লং কোট, চামড়ার শার্ট থেকে শুরু করে আরামদায়ক হ্যান্ড গ্লাভস চামড়াজাত পণ্যের বিশাল সম্ভার রয়েছে তার কাছে।

দেশের গণ্ডি ছাড়িয়ে নাইমা লেদারের সুনাম এখন ছড়িয়ে পড়েছে আন্তর্জাতিক পরিমণ্ডলে। ইতালি, জার্মানি, ফ্রান্স, কাতার এবং সৌদি আরবের মতো বিভিন্ন দেশ থেকে নিয়মিত অর্ডার আসছে তার কাছে। প্রবাসীরা ছুটিতে দেশে এসে সরাসরি হাজারীবাগের কারখানায় এসে অর্ডার দিচ্ছেন, আবার অনেকে প্রবাসে থেকেই হোয়াটসঅ্যাপের মাধ্যমে ভিডিও কলে নিখুঁত মাপ দিচ্ছেন। এমনকি মধ্যপ্রাচ্যের অনেক প্রবাসী তাদের ভিনদেশি কফিল বা অফিসের বসের জন্য উপহার হিসেবে নিয়ে যাচ্ছেন নুরুল হকের হাতের তৈরি খাঁটি চামড়ার পণ্য।

বাংলাদেশের চামড়ার গুণগতমান ও নিজস্ব টেক্সচার বিশ^জুড়ে সমাদৃত। হাজারীবাগের দীর্ঘ চামড়া সংস্কৃতির সঙ্গে নিজস্ব দক্ষতা, সততা এবং সোশ্যাল মিডিয়ার সঠিক ব্যবহারকে কাজে লাগিয়ে মো. নুরুল হক ‘নাইমা লেদার’কে একটি জনপ্রিয় ব্র্যান্ডে পরিণত করেছেন। খাঁটি চামড়ার নিশ্চয়তা আর মনমতো ডিজাইনের সমন্বয়ে তিনি প্রমাণ করেছেন, পণ্যের মানে আপস না করলে এবং কাজের প্রতি নিষ্ঠা থাকলে সফলতা ধরা দেবেই।