চুরি যাওয়া ১০০ ভরি সোনা উদ্ধার

চট্টগ্রাম নগরের মিমি সুপার মার্কেটের একটি প্রতিষ্ঠান থেকে কৌশলে আত্মসাৎ করা প্রায় ১০০ ভরি ওজনের ৫৫ পিস স্বর্ণের চুড়ি উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায়  ওই প্রতিষ্ঠানের বিক্রয়কর্মীসহ ৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গত ১৮-২০ আগস্ট পর্যন্ত নগরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন রোমেন দে, শ্যামল সিংহ, লিটন মহাজন, পার্থ মহাজন, জয় দে প্রকাশ বাবু, রুবেল মহাজন ও সাগর কারিগর। গতকাল শুক্রবার বিকেলে নগর পুলিশের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মিমি সুপার মার্কেটের ২য় তলায় ‘নিউ কনক বাহার জুয়েলার্স’ নামের প্রতিষ্ঠানের বিক্রয়কর্মীরা গত ১৪ আগস্ট স্বর্ণের অলংকারের মজুদ স্টক মেলাতে গিয়ে কিছু অসংগতি লক্ষ করলে বিষয়টি দোকানের মালিক জানান। সংবাদ পেয়ে মালিক দোকানে এসে অন্যান্য স্টাফদের নিয়ে স্বর্ণালংকারের মজুদ স্টক মিলিয়ে দেখতে পান, দোকানের কর্মচারী রোমেন দে’র  দায়িত্বে থাকা মজুদ স্টকের ৭টি বক্সে রক্ষিত ৫৩টি স্বর্ণের চুড়ি গায়েব। যার আনুমানিক বাজারমূল্য ১ কোটি ৮৮ লাখ ২৯ হাজার টাকা।

এ ঘটনায় দোকানের মালিক নগরের পাঁচলাইশ মডেল থানায় গত ১৫ আগস্ট মামলা দায়ের করেন। মামলার তদন্তকালে তদন্তকারী কর্মকর্তা এসআই শওকত ইমাম তথ্য প্রযুক্তির সহায়তায় অভিযান পরিচালনা করে গত ১৮ আগস্ট গভীর রাতে সীতাকু- থানাধীন ফৌজদারহাট মহাসড়ক এলাকা থেকে রোমেন দে’কে গ্রেপ্তার করেন। পরবর্তী সময়ে রোমেন দে পুলিশের জিজ্ঞাসাবাদে আত্মসাৎকৃত ৫৩টি স্বর্ণের চুড়ি বিভিন্ন জুয়েলার্সে বন্ধক রাখার কথা জানান। পরে রোমেন দে’র তথ্যের ভিত্তিতে গত বুধবার  চট্টগ্রামের ‘মডার্ন  ইরানী জুয়ের্লাস’ থেকে ৭টি ভিন্ন ভিন্ন ওজনের স্বর্ণের চুড়ি জব্দ করা হয় এবং অপর আসামি শ্যামল সিংহকে গ্রেপ্তার করে পুলিশ। জিজ্ঞাসাবাদে শ্যামল সিংহ ও রিপন দে’র দেওয়া তথ্যের ভিত্তিতে সর্বমোট ৫৫ পিস স্বর্ণের চুড়ি উদ্ধার করে পুলিশ। উদ্ধারকৃত স্বর্ণের ওজন ৯৯ ভরি ৪ আনা ৫ রত্তি।